২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানে আমার কফিন তৈরি হচ্ছে ভেবে ভয় পেয়েছিলাম’

“একদিন সকালে কানে এলো কাঠ কাটা আর পেরেক ঠোকার শব্দ। তারপরই এক নারী এসে আমাকে মাপজোখ করতে শুরু করলেন। আমার কফিন তৈরি করতেই এসব করা হচ্ছে ভেবে শিউরে উঠলাম। কারণ, তার আগে এক ইরানি কর্মকর্তা জিজ্ঞেস করেছিলেন, দেশের জন্য মরতে আমার কেমন লাগবে?”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 03:27 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ব্রিটেনের ‘দ্য সান’ ট্যাবলয়েডে এভাবেই ইরানের হাতে আটক থাকার সেই ভয়ার্ত মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন নৌসেনা ফায়ে তুর্নে।

ইরানের হাতে আটক ১৫ ব্রিটিশ নৌসেনার মধ্যে তুর্নেই ছিলেন একমাত্র নারী সেনা। ১৩ দিন আটক থাকার পর গত বৃহস্পতিবার মুক্তি পেয়ে দেশে ফেরেন তারা সবাই। সোমবার সান ট্যাবলয়েডে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তুর্নে বন্দিদশার সেই দিনগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

শুধু কফিন তৈরির ভয় দেখানোই নয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে বছরের পর বছর ধরে জেলে আটকে রাখারও ভয় দেখানো হয়েছিলো তুর্নেকে। শর্ত ছিল, ইরান যা চায় তাই তাকে করতে হবে। অন্যথায় ভোগান্তি পোহাতে হবে।

পঁচিশ বছর বয়স্ক তুর্নের তিন বছরের এক মেয়ের মাও। সাক্ষাৎকারে তিনি জানান, তাকে একটি প্রকোষ্ঠে বিচ্ছিন্ন অবস্থায় পাঁচদিন রাখা হয়েছিল। ওই সময়ই এক ইরানি কর্মকর্তা তাকে দেশের জন্য মরতে কেমন লাগবে তা জিজ্ঞেস করেন। তাকে ধর্ষণ করা হতে পারে বলেও আতঙ্কে ছিলেন তুর্নে।

ব্রিটেন ও ইরানের মধ্যে অচলাবস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তুর্নে। ইরানের টেলিভিশনে দেখানো হয়েছিল মাথায় স্কার্ফ পরা তুর্নের মুখচ্ছবি এবং কাঁপা কাঁপা হাতে সিগারেট টানার দৃশ্য। এরপরই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে টান টান উত্তেজনা দেখা দেয়। যার প্রভাব পড়ে বিশ্বের অর্থ বাজারেও।

ইরান তুর্নের নামে তিনটি চিঠি ছাড়ে। তার একটিতে লেখা ছিল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরকারের নীতির কারণে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। ব্রিটেনের গণমাধ্যমে ১৫ নৌসেনার বন্দিজীবনের কাহিনী বিক্রির বিষয়টিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিক্ষোভের মধ্যেই সান তুর্নের ওই সাক্ষাতকার ছেপেছে।

সাক্ষাতকারের জন্য সান তুর্নেকে কী পরিমাণ অর্থ দিয়েছে তা জানায়নি। তবে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা বলেছে, তুর্নে ‘দ্য সান’ এবং আইটিভি টেলিভিশনের সঙ্গে এক লাখ পাউন্ডের চুক্তি করেছেন। এই অর্থ তুর্নের বেতনের প্রায় চারগুণ বেশি।

নৌসেনাদের বন্দিদশার কাহিনী এভাবে বিক্রির অনুমতি দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরা। তবে মন্ত্রণালয় বলেছে, তাদের বন্দিজীবন সম্পর্কে জানার ব্যাপক জনকৌতুহল বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

তুর্নেসহ ১৫ জন সেনাকেই ইরান আটক করেছিল ইরাক ও ইরানের মধ্যকার জলসীমা শাত-ইল-আরব থেকে। ব্রিটেনের দাবি ছিল, তাদেরকে ইরাকের জলসীমা থেকে আটক করা হয়েছে।

মুক্তি পেয়ে ১৫ সেনা দেশে ফেরার পর প্রথম সুযোগেই জানান, তাদেরকে চোখ, হাত পা বেঁধে, একাকী নির্জন প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল সাত বছর জেল খাটার। কিন্তু সম্প্রতি নতুন একটি ভিডিও ফুটেজে এর ঠিক বিপরীত চিত্র দেখিয়েছে ইরানি টেলিভিশন। রোববার এই ভিডিওচিত্রে ইরানে আটকাবস্থায় নৌসেনাদের টেবিল টেনিস, দাবা খেলা এবং টেলিভিশনে ফুটবল খেলা দেখতেই ব্যস্ত থাকতে দেখা যায়।