২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট পেতে ভোট দিচ্ছেন পূর্ব তিমুরবাসী

উৎসবের সাজে সেজেছে দিলি। সেজেছে গোটা পূর্ব তিমুর। জাতীয় নির্বাচন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 02:12 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

গত বছরখানেক ধরে সহিংসতা আর অরাজকতার মধ্যে দিয়ে যাওয়া দেশটিতে আচমকাই যেন শান্তির হাওয়া বয়ে যাচ্ছে সোমবার।

ইন্দোনেশিয়া থেকে নব্য স্বাধীন, অতি গরীব দেশটির মানুষগুলোও ঠিক সে কথাই ভাবছে। তাদের প্রত্যাশা, এই নির্বাচনেই বিভেদ ঘুচে যাবে, ফিরে আসবে শান্তি।

পাঁচ লাখেরও বেশি ভোটার তাদের নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়েছেন। সঠিক সংখ্যাটা জানা না গেলেও, ভোর থেকেই ভিড় জমজমাট।

প্রায় ৭০০ ভোট কেন্দ্রের বেশ কিছু দুর্গম জায়গায়। সেখানে ঘোড়ায় করে আগেই ব্যালট বাক্স পাঠানো হয়ে গেছে।

নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। পাশাপাশি তিন হাজার বহুজাতিক সেনা ও পুলিশ থাকছে টহলদারিতে। শদুয়েক পর্যবেক্ষক থাকছেন বিভিন্ন দেশের। মঙ্গলবারের মধ্যে নির্বাচনী ফলাফলের অনানুষ্ঠানিক আভাস পাওয়া যাবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১৬ এপ্রিল।

ভোটারদের লাইনে ছিলেন প্রেসিডেন্ট জানানা গুসমাও। তারই উত্তরসূরি খোঁজা হচ্ছে এই নির্বাচনে। গুসমাও এই নির্বাচনকে ইতিবাচক চোখে দেখছেন। তার মতে পূর্ব তিমুর যে ব্যর্থ রাষ্ট্র নয় সেটা দেখানোর এটাই সুযোগ। নিজে নির্বাচনে আর দাঁড়াননি। তবে নির্বাচনে আট প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন তার মিত্র প্রধানমন্ত্রী হোসে রামোস-হোর্তা।

ইন্দোনেশিয়া থেকে দেশের স্বাধীনতার জন্য বিশ্বব্যাপী জনমত আদায়ে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন হোর্তা। জিতেছেন নোবেল পুরস্কারও। ভোট দিতে এসে তার কথাতেও যথেষ্ট সন্তোষ, “কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু দুর্বল দিক বাদ দিলে এখন পর্যন্ত নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যাবে।”

বিচ্ছিন্ন ঘটনা আসলে তুমুল সহিংসতাই ছিল দিন কয়েক আগেও। গত সপ্তাহে এক নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন জনা ত্রিশেক। বহুজাতিক বাহিনী ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়েছে পরিস্থিতি সামলাতে।

বিভাজন আছে অঞ্চলভিত্তিকও। পূর্ব তিমুর বিভক্ত এখন পূর্ব ও পশ্চিমের সংঘাতে। গত বছর মে মাসে পশ্চিমাঞ্চলের ৬০০ বিদ্রোহী সেনাকে বরখাস্ত পরার পর শুরু রক্তক্ষয়ী এক সংঘর্ষের। লাখখানেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, মারা গেছেন ৩০ জনেরও বেশি।

আন্তর্জাতিক হস্তক্ষেপে থেমেছে সেই সংঘাত। পাশাপাশি চলছে প্রচারণা-কীভাবে এই বিভেদ ভুলে আবার একাট্টা হওয়া যাওয়া যায়।

এবারের নির্বাচনের মূল সুর এটাই। আর তা অনুরণিত হয়েছে ভোটারদের একজন রজারিও দ্য সান্তোসের কথায়। ৩০ বছর বয়সী এই কৃষক আশাবাদী, বলেছেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি নতুন প্রেসিডেন্ট আমাদের সব সঙ্কট থেকে উদ্ধার করবেন।”