ইসরায়েলি সেনার বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি চায় হামাস
১০ মাস আগে গাজায় বন্দুকধারীদের হাতে অপহৃত ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে হামাস। তারা ইতমধ্যে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের একটি তালিকাও দিয়েছে। রোববার হামাস একথা জানায়।
হামাসের মুখপাত্র ফজি বারহুম বলেন, নামের তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে দেয়া হয়। পরে তারা তালিকাটি ইসরায়েলকে দিয়েছেন। তিনি বলেন, “ তালিকা দিয়ে আমরা সত্যিকারের অগ্রগতি অর্জন করেছি।’’
তালিকায় কাদের নাম আছে বা কয়জনের নাম রয়েছে সে সম্পর্কে কিছু জানান নি বারহুম। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফাতাহ নেতা মারওয়ান বারঘুতিসহ এক হাজার তিনশ’ বন্দির নাম আছে তালিকায়।
হামাস এবং অপর দুটি সশস্ত্র গ্রুপের জঙ্গিরা গত জুন মাসে গাজা থেকে অপহরণ করে ইসরায়েলি সেনা করপোরাল গিলাদ শালিতকে।
ধারণা করা হচ্ছে, কয়েক মাসের অচলবস্থার পর শুরু হতে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যকার আলোচনার যে কোনো অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূণূ ভূমিকা রাখতে পারে একটি বিনিময় চুক্তি।
