ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাইস
ইরাকে প্রতিবেশী ইরানের ভূমিকার ব্যাপারে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ইরাকের প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে রাইসের আসন্ন এক বৈঠকে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী মাসের শুরুতে ওই বৈঠক হওয়ার কথা। তবে বৈঠকটি কোথায় হবে তা এখনও প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র শন ম্যাকরম্যাক বলেন, ‘‘ইরাকের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে রাইস ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা নাকচ করেননি।”
তিনি আরও বলেন, “আমরা কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা বাদ রাখব না। দূত পর্যায়ে আমাদের চেষ্টা তো রয়েছেই, পররাষ্ট্রমন্ত্রীও চেষ্টা চালিয়ে যাবেন।’’
ইরাকের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাগদাদে গত মাসের বৈঠকে ইরান ও সিরিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছিলেন ইরাকে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ। ম্যাকরম্যাক জানান, “রাইসও সম্ভবত একই কাজ করবেন।”
ইরাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ইরানকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ম্যাকরম্যাক বলেছেন, ‘ইরাক সম্মেলনে’ তেহরানের সঙ্গে আলোচনায় রাইস এ বিষয়টিই সামনে নিয়ে আসবেন।
ইরান অবশ্য ইরাকে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ম্যাকরম্যাক যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই কেবল ওয়াশিংটন দেশটির সঙ্গে আলোচনায় বসবে। সম্প্রতি ১৫ ব্রিটিশ নৌসেনাকে ইরানের মুক্তি দেওয়ার ঘটনাকে ম্যাকরম্যাক স্বাগত জানালেও সতর্ক করে বলেন, পরমাণু আলোচনা শুরুর ক্ষেত্রে এ ঘটনা কোনো ফল বয়ে আনবে না। আলোচনায় বসার জন্য পরমাণু কর্মসূচি বাদ দেওয়ার শর্ত ইরানকে মানতে হবে।
আটক ১৫ নৌসেনা মুক্তির ঘটনায় ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা সৃষ্টি হলো কিনা-এ প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, ‘‘এ দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। নৌসেনাদের আটক করার কারণ কি, তাদেরকে কারা আটক করেছে, কারা তাদের তেহরানে নিয়ে গেছে, আর কারাই বা মুক্তি দিয়েছে-এসব কিছুই এই মুহূর্তে আমাদের বিবেচ্য নয়।’’
