কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট
কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরি। বৃহস্পতিবার তিনি বলেন, তার প্রস্তাবিত নাগরিক সংসদের উচিত অজনপ্রিয় কংগ্রেসের ক্ষমতা সীমিত করা, বিরোধী রাজনীতিবিদদের আশঙ্কা অনুযায়ী কংগ্রেসের বিলুপ্তি নয়।
ব্রাজিল থেকে দেশে ফেরার পথে বিমানে বসে দেওয়া এক সাক্ষাতকারে কোরি বলেন, “নাগরিক সংসদের প্রশাসনিক ক্ষমতা থাকবে, তবে তা কংগ্রেসকে বিলুপ্ত করবে না।”
জনপ্রিয় প্রেসিডেন্ট কোরির সংবিধান পুনর্লিখনে বিশেষ অধিবেশন আহ্বান করা সংক্রান্ত প্রস্তাবের ওপর আগামী ১৫ এপ্রিল গণভোট অনুষ্ঠিত হবে। এ প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসকে তিনি ‘মেধাহীন লোকদের ভাগাড়’ হিসেবে আখ্যায়িত করে একটি জনপ্রিয় সংসদ গঠন করে তার মাধ্যমে কংগ্রেসকে বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছেন।
নাগরিক সংসদ তার প্রেসিডেন্টের পদ অনুমোদন করবে-কোরি এমন পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তবে তিনি এটাও বলেন, “যদি বিরোধিরা জয়লাভ করে তবে আমাকে ঘরে ফিরে যেতে হবে।”
গত মাসে ৫৭ আইনপ্রণেতাকে ছাটাই করার পর কংগ্রেসে বিরোধীদের ক্ষমতা কমে গেছে।
বামপন্থী কোরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ বন্ধু এবং শাভেজের মতোই তিনি নিজের ক্ষমতা সংহত করতে চাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
