মস্কোয় সমাবেশ নিষিদ্ধ
মস্কোর সিটি কাউন্সিল বুধবার নতুন আইন পাস করে শহরে শোভাযাত্রা, সমাবেশ নিষিদ্ধ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীরা বলছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের আগে তাদের স্তব্ধ করে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পরবর্তী সংসদ নির্বাচন এবং পুতিনের উত্তরসূরী নির্বাচনের জন্য আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে রাশিয়ার সবকটি বড় শহরে প্রতিরোধ সমাবেশ করতে চেয়েছিল বিরোধী পক্ষের রাজনৈতিক দলগুলো।
নতুন আইনে মস্কোর ঐতিহাসিক স্থাপনাগুলোর সামনে প্রতি বর্গগজে দুজনের বেশি মানুষের সমাবেশ এবং ভবনের অভ্যন্তরে আসন সংখ্যার বেশি মানুষের শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে ।
সিটি কাউন্সিলে উদারপন্থী ইয়াবলোকো পার্টির নেতা সের্গেই মিত্রোখিন বলেছেন, “এ আইন বিরোধীদের বিক্ষোভ দমনে সহায়ক হবে।”
“আমরা অনেকদিন ধরেই এ আইন পাসের বিরোধিতা করেছি এবং আমাদের প্রতিরোধে এই আইনের খসড়া থেকে অনেক উদ্ভট নীতি সংশোধিত হয়েছে।”
“নতুন এই আইন যদি আমাদের শোভাযাত্রা বাধাগ্রস্ত করে তবে তা রদ করার জন্য প্রয়োজনে আমরা আদালতের শরণাপণ্ন হব ।”
বাণিজ্য দৈনিক ভেদোমস্তির মতে, রাজনৈতিক বিশ্লেষকরা এই আইনের তীব্র বিরোধিতা হতে পারে বলে মনে করছেন। গণমাধ্যম রাষ্ট্রনিয়ন্ত্রিত হওয়ায় ভিন্ন মতাদর্শ প্রকাশের সীমিত কয়েকটি কার্যকর পন্থার অন্যতম হলো রাস্তায় প্রতিবাদ আর বিক্ষোভ সমাবেশ।
দৈনিকটি বলেছে, “রাস্তায় বিক্ষোভ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ আসলে জনগণকে কাঁটাতারের বেড়া তৈরির দিকে ঠেলে দিচ্ছে।”
সমাজবিজ্ঞানী আলেকজান্ডার তারাসভকে উদ্ধৃত করে দৈনিকটি লিখেছে, “ক্রেমলিন ক্রমাগত এমন ধারণাই দিতে চাইছে-হয় রাজনীতি ছেড়ে দাও কিংবা তাদের নিয়মে রাজনীতি কর, তারা রাজনীতিকে আমলাতান্ত্রিক কার্যক্রমে পর্যবসিত করেছে।”
মস্কোর একটি আদালত বুধবার গত বছরের একটি বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা সংক্রান্ত মেয়রের দপ্তরের নির্দেশনার পক্ষে মত দিয়েছে। মেয়রের দপ্তর থেকে বলা হয়েছিল, এই বিক্ষোভ সমাবেশের ফলে পথচারী এবং গাড়িচালকদের অসুবিধা হবে।
উদারনৈতিক থেকে শুরু করে নব্য বলশেভিক মতাদর্শী-সব পুতিনবিরোধীদের ঐক্যবদ্ধ ‘অন্য রাশিয়া’ শীর্ষক বিরোধী আন্দোলন ১৪ এপ্রিল মস্কো এবং এর পরদিন সেন্ট পিটার্সবুর্গে পদযাত্রার পরিকল্পনা করেছে।
এ দলের আগের পদযাত্রাগুলো দাঙ্গা পুলিশের তীব্র বাধায় মুখ থুবড়ে পড়ে। ‘অন্য রাশিয়া’ মঙ্গলবার জানিয়েছে, সিটি কাউন্সিলের নিষেদ্ধাজ্ঞা সত্ত্বেও তারা ১৪ তারিখের পদযাত্রার পরিকল্পনা স্থগিত করবে না।
