২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্ধারিত সময়সীমায় পরমাণু কর্মসূচি বন্ধ করছে না উত্তর কোরিয়া’

ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ করা অর্থ হস্তান্তর না করায় ১৫ এপ্রিলের সময়সীমার মধ্যে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধ করছে না উত্তর কোরিয়া। চীনের বিশেষ দূত উ দাউয়ি বুধবার টোকিওতে একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

চীনা দূতের উদ্ধৃতি দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানায়, “সময়সীমা মেনে ইয়ংবিয়নে কার্যক্রম বন্ধ করা উত্তর কোরিয়ার জন্য খুবই দুষ্কর।”

উ দাউয়ি জানান, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে ম্যাকাওয়ের ব্যাংক একাউন্টের জব্দ করা অর্থ হস্তান্তর নিয়ে ‘ব্যবধান’ এখনও দূর হয়নি।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার এ অচলাবস্থার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ না করার বিষয়টি প্রায় নিশ্চিত বলেও তিনি মন্তব্য করেছেন।

ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ছয় জাতি আলোচনার বৈঠকে জ্বালানি কিংবা নগদ সাহায্যের বিনিময়ে পরবর্তী ৬০ দিনের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ করতে সম্মত হয় উত্তর কোরিয়া।

কিন্তু ম্যাকাওয়ের একটি ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার ব্যাংক একাউন্টের অর্থ হাতে না পাওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বন্ধ না করা, এমনকি কোনো প্রকার আলোচনায় না বসারও ঘোষণা দিয়েছে দেশটি।