২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নির্দেশ

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ায় জন্য পরিবেশ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। সোমবার আদালত এ নির্দেশ দেয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 03:15 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুগান্তকারী একটি রায়। বিষয়টি নিয়ে এটাই আদালতের প্রথম নির্দেশনা। পাশাপাশি এ নির্দেশ বুশ প্রশাসনের জন্য পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। কেননা, প্রেসিডেন্ট বুশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর বিরোধিতা করছেন। এ ক্ষেত্রে তার যুক্তি, এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বুশ প্রশাসনের নীতির সঙ্গে সমন্বয় রেখে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থা গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ায় অস্বীকৃতি জানিয়েছিল। তখন পরিবেশবাদীরা এর বিরুদ্ধে আদালতের আশ্রয় নেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার আদালত ওই নির্দেশ দেয়। আদালতের নয়জন বিচারকের মধ্যে পাঁচজন এর সপক্ষে অবস্থান নেন। বাকি চারজন বিরোধিতা করেন।

বিচারক জন পল স্টিভেনস বলেন, “২০০৩ সালে পরিবেশ সংরক্ষণ সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইনসঙ্গত নয় এবং পরস্পরবিরোধীও বটে।”

তিনি বলেন, “একমাত্র তখনই তারা বিষয়টি এড়াতে পারে, যদি প্রমাণ হয় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ফলে পরিবেশের ক্ষতি হয় না বা বিশ্ব উষ্ণায়নে এর কোনো ভূমিকা নেই।”

আদালত আরও জানায়, পরিবেশ সংক্রান্ত আইন অনুযায়ী মটর গাড়ির কারণে যে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ হয়, তাও বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখে। ফলে তা নিয়ন্ত্রণেও বাধ্য থাকবে পরিবেশ সংরক্ষণ সংস্থার কর্মকর্তারা।

পরিবেশবাদী সংগঠনগুলো আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

বিশ্লেষকরা মনে করছেন, আদালতের এ নির্দেশনার ফলে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণে কংগ্রেসে আইন প্রণেতাদের ওপর চাপ আরও বাড়বে।