ইরাকের কিরকুকে ট্রাকবোমা হামলায় নিহত ১২
ইরাকের কিরকুকে একটি ট্রাকবোমা হামলায় সোমবার কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই একটি স্কুলের শিক্ষার্থী এবং তাদের নারী অভিভাবক। পুলিশের একটি প্রশাসনিক অফিস ভবনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এদিকে একটি শিয়া গ্রাম থেকে রোববার অপহৃত ১৯ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিরকুকে তাদের অপরাধ তদন্ত শাখার একটি ভবনের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে ওই বিস্ফোরণ ঘটায় ট্রাকটির চালক। এতে ভবনটির একাংশ বিধ্বস্ত হয় এবং প্রচণ্ড শব্দে আশপাশের অনেকটা এলাকায় ছড়িয়ে পড়ে এ বিস্ফোরণ। পাশের একটি স্কুল থেকে শিশুদের নিতে আসা অনেক নারী অভিভাবক ও শিশুরা সেখানে ছিল। তাদের অনেকেই এ ঘটনায় হতাহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে। তবে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তারা।
এদিকে বাগদাদের উত্তরাঞ্চলে রোববার একটি ভুয়া পুলিশ চৌকি থেকে অপহরণ করা একটি শিয়া গ্রামের ১৯ বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের সবাইকেই খুব কাছ থেকে মাথায় কিংবা বুকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকুবার কাছে একটি পরিত্যাক্ত বাড়িতে তাদের লাশ পাওয়া যায়।
এর আগে গত মাসে বাকুবায় ১৪ পুলিশ সদস্যকে অপহরণ করে পরে তাদের গুলিবিদ্ধ লাশ ফেলে রাখে জঙ্গিরা।
