ইরাকের বিচারমন্ত্রীর পদত্যাগ
সরকারের কর্মকাণ্ডে স্বস্তি না পাওয়ায় ইরাকের বিচারমন্ত্রী হাসেম আল--শিবলী পদত্যাগ করেছেন।
ইরাকি জাতীয়তাবাদী দলের মুখপাত্র ইজ্জত শাহবন্দর শনিবার রয়টার্সকে জানান, প্রধানমন্ত্রী নূরী আল - মালিকী শিবলীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তিনি বলেন, “তিনি (শিবলী) সরকারের ভেতর স্বাচ্ছন্দ্য অনুভব করছিলেন না এবং নিজের দায়িত্ব আর পালন করতে চাননি।”
শিবলী তিনদিন আগে পদত্যাগপত্র দিয়েছেন বলে জানান শাহবন্দর।
প্রধানমন্ত্রী মালিকী শিয়া, সুন্নি, কুর্দি ও অসাম্প্রদায়িক দলের সমন্বয়ে গঠিত সরকার পরিচালনা করছে।
এক বছর আগে মালিকীর মন্ত্রিসভা গঠনের পর শিবলী হলেন প্রথম পদত্যাগকারী মন্ত্রী। শিবলীর দল শিবলীর জায়গা পূরণের জন্য তিনজন প্রার্থীর ঘোষণা দিয়েছে।
গত বছরের শেষের দিকে অদক্ষ মন্ত্রীদের সরিয়ে দিয়ে মন্ত্রিসভা পূনর্গঠনের প্রতিজ্ঞা করেছিলেন মালিকী, তবে মালিকীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এ ধরনের পদক্ষেপ গ্রহণে দেরি হবে, কারণ কোনো মন্ত্রী তার পদ হারাতে রাজি নন।
