২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন নীতি কঠোর করার পদক্ষেপ নিচ্ছে ব্রিটেন

নিজেদের সীমান্তের ওপর ‘কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়’ অভিবাসন নীতি আরও কঠোর করবে ব্রিটেন। এজন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জন রিড বুধবার জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এই নতুন পদ্ধতিতে বায়োমেট্রিক তথ্য ব্যবহারের মাধ্যমে ব্রিটেনে প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত হওয়াসহ জোর করে বিয়ের কারণে যারা সেদেশে প্রবেশে বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে রিড স্কাই নিউজকে বলেন, নতুন এ নিয়ম ২০০৮ সালের মধ্যে ব্রিটেনের অর্ধেক অভিবাসীর জন্য কার্যকর হবে। নতুন এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ছয় থেকে সাত বছরের মধ্যে ব্রিটেনে প্রবেশকারী এবং ব্রিটেনত্যাগী মানুষজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে ‘কিছুটা হলেও কার্যকর নিয়ন্ত্রণারোপ’ করা যাবে বলে আশা করা হচ্ছে।

রিড জানান, ব্রিটেনে প্রবেশে আগ্রহী ব্যক্তিদের সেদেশে প্রবেশের আগে নিজ নিজ দেশ থেকে ইস্যু করা ভিসা দেখাতে হবে।

“কেউ যদি অন্য দেশগুলো থেকে আসতে চায় তবে অবশ্যই তাকে ভিসা দেখাতে হবে।”

এছাড়া, তাদের বায়োমেট্রিক তথ্য সরবরাহ করতে হবে যাতে তাদের চলাফেরাও ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে বা ধ্বংস হয়ে গেছে বলে কেউ দাবি করতে না পারে। এসব তথ্যের মধ্যে থাকবে হয় আঙ্গুলের ছাপ, অথবা চোখের মণির চারদিকের স্ক্যান করা ছবি।

এছাড়া, ন্যূনতম বিয়ের বয়স বাড়াতে নতুন এ নিয়ম ব্যবহৃত হবে। সেক্ষেত্রে বিদেশিদের ব্রিটিশ ভিসা পেতে তাদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ থেকে ২১ বছর।

বিবিসি জানায়, এর ফলে বিশেষ করে ভারতীয় উপমহাদেশ থেকে প্রতি বছর প্রায় তিন হাজার মানুষের ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না।

রিড জানান, এর মূল উদ্দেশ্য হলো, জোর করে বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশের প্রবণতা বন্ধ করা।

“আমরা মনে করি, জোর করে বিয়ের মাধ্যমে মানবাধিকার এবং কখনও কখনও নারী ও শিশুদের অধিকার খর্ব করা হয়।”

এর আগে এক সাক্ষাতকারে রিড ব্রিটেনে অবৈধভাবে বসবাসকারীদের ক্ষমা করে দেওয়ার বিষয়টি বাতিল করে দিয়েছিলেন।