আটক নৌ - সেনারা নিরাপদে আছে: ব্রিটেন
ইরানের হাতে আটক নৌ - সেনারা নিরাপদে আছে, তবে তাদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে দেশটি কিছু জানায়নি। ইরানকে উদ্ধৃত করে সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ব্রিটেন।
গত শুক্রবার ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের ন্যাভাল রেভল্যুশনারি গার্ডের একটি দল আরব সাগর থেকে ১৫ জন ব্রিটিশ নাবিক ও নৌ - সেনাকে আটক করে।
এদিকে ব্রিটেন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কুটনৈতিক সম্পর্কধারী দেশ রাশিয়াসহ অন্যান্য দেশকে এসব সেনার মুক্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।
যুক্তরাজ্য সেদেশে ইরানের রাষ্ট্রদুত রসুল মোভাহেদিয়ানকে তৃতীয়বারের মতো ডেকে পাঠায় তাদের পররাষ্ট্র দপ্তরে। ওই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ট্রাইসম্যান তার সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
তারা জানায়, “ইরানের রাষ্ট্রদুতের কাছে লর্ড ট্রাইসম্যান বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। তিনি নৌ - সেনাদের সব খবর জানানোর অনুরোধ জানান। এছাড়া, নৌ - সেনাদের সঙ্গে কুটনৈতিকদের দেখা করতে দেওয়ার পররাষ্ট্র দপ্তরের অনুরোধ এবং তাদের আশু মুক্তির দাবি জানান।”
ইরান আটককৃত নৌ - সেনাদের বিরুদ্ধে তার জলসীমায় অবৈধ প্রবেশের অভিযোগ আনবে বলে জানিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাহদি মোস্তফাভি বলেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের জলসীমা অতিক্রম করেছিল কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
“যদি এটা পরিস্কার হয়ে যায় তাহলে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে,” ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন মোস্তফাভিকে উদ্ধৃত করে একথা জানায়।
কয়েকটি কট্টরপন্থী দলের দাবি, পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পরমাণু বিরোধ এবং অন্যান্য দ্বন্দ্ব নিয়ে দর কষাকষির জন্যই তাদের আটক করা হয়।
এ বিষয়ে ইরানের সংবাদমাধ্যমে তেমন সংবাদ প্রকাশিত হয়নি, এ বিষয়টা উল্লেখ করে ইরানের এক বিশ্লেষক বলেছেন, “এই বিষয়টাকে কীভাবে সামালানো হবে সে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”
এক কুটনীতিবিদও একই রকম কথা বলেছেন। তার মতে, এই ঘটনাটা পূর্বপরিকল্পিত নয় বলে মনে হচ্ছে, তাই পরবর্তী কর্মপন্থা নিয়ে বিতর্ক চলছে।
