নিখোঁজ বন্দিদের ব্যাপারে তথ্য জানাতে পাকিস্তান সরকারের প্রতি আদালতের নির্দেশ
সন্ত্রাস দমন অভিযানে গ্রেপ্তার হওয়া বন্দিদের সর্বশেষ খবরাখবর জানাতে পাকিস্তান সরকারকে নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। সোমবার আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেয়।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযানে শরিক হওয়ার পর প্রায় চার শ’ পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়, যাদের সম্পর্কে কোনো তথ্য এরপর পাওয়া যায়নি।
পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী বিষয়টি সামনে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ওই কারণেই সরকার তাকে বরখাস্ত করে।
আদালতের বিচারক জাভেদ ইকবাল বলেন, “বন্দিরা কারা, তারা কোথায়, কিভাবে বা কার অধীনে আছেন, দুই সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়কে না জানালেও আদালতের কাছে তা জানাতেই হবে গোয়েন্দা সংস্থাগুলোকে।”
তিনি আরও বলেন, “বিষয়টি সুরাহা করতে মাসব্যাপী সময় নেওয়া যাবে না, দ্রুতই করতে হবে। এর দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। আর তাই এ বিষয়ে তথ্য জানানোর জন্য এটর্নি জেনারেলকে বলা হয়েছে।”
এ নিয়ে আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ এপ্রিল।
অনেক বন্দির আত্মীয় স্বজন ওই ঘটনার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করে আসছে। আদালতের সোমবারের নির্দেশনায় তারা সন্তোষও প্রকাশ করেন।
এদিকে বিচারপতি ইফতেখার চৌধুরী বরখাস্তের ঘটনায় পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাশাপাশি জেনারেল পারভেজ মুশাররফের পদত্যাগের দাবিতেও সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সোমবারও বিভিন্ন শহরে বিক্ষোভ করেন আইনজীবী ও রাজনৈতিক কর্মীরা।
