প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সন্তুষ্ট নয় বেশিরভাগ জাপানি
দিন ভালো যাচ্ছে না জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের। সর্বসাম্প্রতিক এক মতামত জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় দুই - তৃতীয়াংশ জাপানিই সন্তুষ্ট নয়। পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের আগে এ অবস্থা আবের জন্য বেশ উদ্বেগজনক খবরই বটে।
রক্ষণশীল দল সমর্থিত পত্রিকা ইউমিউরি শিমবুন পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া শতকরা ১৯ দশমিক ৮ ভাগ বলছেন, শিনজো আবের দায়িত্ব পালন নিয়ে প্রশংসাসূচক কোনো মন্তব্য তারা করতে পারছেন না। ৪০ দশমিক ৩ ভাগ সরাসরিই বলছেন, আবে ব্যর্থ হয়েছেন। মাত্র ৪ দশমিক ৫ ভাগ সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যক্রমে।
১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত চালানো ওই জরিপে মোট ১৭৪১ জন প্রাপ্তবয়স্ক জাপানি অংশ নেন।
গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর জনমত জরিপে অবস্থান ভালোই ছিল শিনজো আবের। কিন্তু মন্ত্রিসভার ভুল সিদ্ধান্ত ও দলের তহবিল কেলেঙ্কারির ঘটনা ধীরে ধীরে তার ওপর জনগণকে বিরূপ করে তুলছে।
তার ওপর নারীদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কটাক্ষপূর্ণ বক্তব্য জনগণকে আরও বিক্ষুব্ধ করে তোলে। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এজন্য পরে ক্ষমা চেয়েছিলেন। তবে পদত্যাগের দাবি উঠলেও তখন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেই দাঁড়িয়েছিলেন শিনজো আবে।
এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়াসহ বিভিন্ন দেশের নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনা নিয়ে মন্তব্য করে দেশের বাইরেও সমালোচিত হন আবে। তিনি দাবি করেন, ওই সময় জাপানি সরকার ও সেনাবাহিনী এ ধরনের কোনো কাজে লিপ্ত ছিল, এমন প্রমাণ নেই।
