এশিয়ায় সর্বাধিক ধনীর দেশ এখন ভারত
এখন আগের চেয়ে আরও কম বয়সেই বিলিয়নার হয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনীরা। এই তালিকায় রুশ ও ভারতীয়দের সংখ্যা বাড়ছে দ্রুত হারে। সেই সঙ্গে বাড়ছে নিজের পরিশ্রমে বড় হওয়া নারীদের সংখ্যাও। ফোর্বস ম্যাগাজিন বৃহস্পতিবার তাদের ২০০৭ সালের ‘বিলিয়নার’ তালিকা প্রকাশ করে জানিয়েছে এসব তথ্য।
ফোর্বসের তালিকা অনুসারে বর্তমান বিশ্বে বিলিয়নারের সংখ্যা ৯৪৬ জন অর্থাৎ এদের সম্পদের পরিমাণ শত কোটি ডলারেরও বেশি। গত বছর এ সংখ্যা ছিল ৭৯৩। একবছরে শীর্ষ ধনীদের সংখ্যা বেড়েছে ১৯ ভাগ হারে। এখন বিলিয়নারদের মোট সম্পদের পরিমাণ ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। শীর্ষ ধনীদের এ মোট সম্পদের পরিমাণ আগের বছরের চেয়ে ৩৫ ভাগ বেশি।
বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান এ বছরও ধরে রেখেছেন মাইক্রোসফট প্রধান বিল গেটস। এ নিয়ে টানা ১৩ বার একই অবস্থানে আছেন তিনি। গেটসের মোট সম্পদের পরিমাণ ৫৬ বিলিয়ন ডলার। বার্কশায়ার হাথাওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফে ৫২ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ৪৯ বিলিয়ন ডলার নিয়ে এবারও তৃতীয় অবস্থানটি ধরে রেখেছেন মেক্সিকান টেলিকম টাইকুন কার্লোস স্লিম।
বিলিয়নারের দেশ হিসেবে তৃতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। এ বছর দেশটির ৫৩ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে ফোর্বস তালিকায়। যুক্তরাষ্ট্র ও জার্মানি যথারীতি তাদের প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। রাশিয়ার সঙ্গে জার্মানির ব্যবধান মাত্র ২ জনের। তবে সংখ্যায় সামান্য পিছিয়ে থাকলেও মোট সম্পদের পরিমাণের দিক থেকে জার্মানিকে ছাড়িয়ে গেছে রাশিয়া। তাদের ৫৩ ধনীর মোট সম্পদের পরিমাণ ২৮২ বিলিয়ন ডলার। অন্যদিকে জার্মানির ৫৫ ধনীর মোট সম্পদের পরিমাণ ২৪৫ বিলিয়ন ডলার। রাশিয়ার শীর্ষ ধনীদের আরেকটি বিশেষ দিক হল তাদের বয়স। ফোর্বস তালিকায় স্থান পাওয়া এ দেশের বিলিয়নারদের গড় বয়স মাত্র ৪৬ বছর।
এদিকে এশিয়ায় জাপানকে ছাড়িয়ে শীর্ষ ধনীদের দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। পরিসংখ্যান বলছে, দুই দশক ধরে এশিয়ার শীর্ষে থাকা জাপানের অবস্থানটি বেশ পাকাপোক্তভাইে দখল করেছে ভারত। দেশটির বিলিয়নিয়ারের সংখ্যা ৩৬ জন। অন্যদিকে জাপানের বর্তমান বিলিয়নারের সংখ্যা মাত্র ২৪ জন। ভারতীয় বিলিয়নারদের মোট সম্পদ ১৯১ বিলিয়ন ডলার, এর বিপরীতে জাপানি বিলিয়নারদের মোট সম্পদ মাত্র ৬৪ মিলিয়ন ডলার।
এবছর তালিকায় থাকা নারী বিলিয়নারের সংখ্যা ৮৩। এদের মধ্যে ১০ জন নিজের পরিশ্রমেই উপার্জন করেছেন এ অর্থ। বাকিরা সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার সূত্রে।
ফোর্বসের এ তালিকায় মোট ৫৩টি দেশের ধনীদের নাম এসেছে। তালিকায় প্রথম নাম লেখালেন এমন বিলিয়নারের সংখ্যা ১৭৮ জন। ফোর্বসের প্রধান নির্বাহী বললেন, “এ বছরে বিলিয়নারের সংখ্যা লক্ষ্যযোগ্য হারে বেড়েছে, এত দ্রুত অগ্রগতির নজির ইতিহাসে নেই।”
