যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সাদ্দামের বিচারক
যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরাকি বিচারক রউফ আবদেল রহমান। শুক্রবার এ খবর জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। সাদ্দাম হোসেনের ফাঁসির আদেশ দিয়েছিলেন এই বিচারকই। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
আল জাজিরার লন্ডন প্রতিনিধি জানান, ২০০৬ সালের ডিসেম্বরের মাঝামাঝিতে পর্যটক হিসেবে ভিসা নিয়ে সপরিবারে যুক্তরাজ্য যান বিচারক রউফ। এর কিছুদিন পরই তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
যুক্তরাজ্যের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা প্রতিনিধি নাসের আল বাদ্রি জানিয়েছেন, দেশে নিজের জীবন সংশয়ের আশঙ্কা থেকেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন রউফ রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ কর্মকর্তা জানান, তার আবেদন বিবেচনা করা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে যুক্তরাজ্য ও ইরাকি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুজাইল গণহত্যা মামলায় ২০০৬ সালের ৫ নভেম্বর সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিশেষ আদালতের বিচারক রউফ আবদেল রহমান। পরে ৩০ ডিসেম্বর সে রায় কার্যকর করা হয়।
কুর্দি জাতিগোষ্ঠীর রউফ রহমানকে ২০০৬ সালের জানুয়ারিতে বিশেষ আদালতের প্রধান বিচারক নিয়োগ দেওয়া হয়। এর আগের বিচারক রিজগার আমিন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন রউফ আবদেল রহমান।
