বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হল বুশের গুয়াতেমালা সফর
ব্রাজিলের মতো গুয়াতেমালায়ও বিক্ষোভের মধ্য দিয়ে সফর শুরু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। সফরকালে লাতিন আমেরিকার দেশগুলো নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা এবং ওই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও মাদক চোরাচালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
বুশের সফরের শুরুতেই রোববার গুয়াতেমালা সিটিতে বিক্ষোভ হয় বামপন্থীদের নেতৃত্বে। তাতে যোগ দেন মায়া ইন্ডিয়ানরাও। ঐতিহ্যবাহী পোশাক সজ্জিত বিক্ষোভকারীরা বুশের সফরের প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রাও করেন। দেয়ালে দেয়ালে লেখেন বুশবিরোধী নানা স্লোগান।
১৯৯৯ সাল গুয়াতেমালা সফরে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এরপর দুই মেয়াদের শাসনকালে এই প্রথমবার গুয়াতেমালা এলেন প্রেসিডেন্ট বুশ।
সফরকালে মূলত প্রেসিডেন্ট অস্কার বার্জারের প্রতি সমর্থনের কথাই পুনরায় প্রকাশ করবেন প্রেসিডেন্ট বুশ। দক চোরাচালান দমন অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে গুয়াতেমালা।
গুয়াতেমালায় সোমবার বেশ ব্যস্ত দিন কাটাবেন প্রেসিডেন্ট বুশ। দিনের শুরুতেই যাবেন সান্তা ক্রুজ বালানিয়া শহরে। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। গ্রামীণ জনপদে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ওই এলাকায় কাজ করছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর চিকিৎসকরা।
এরপর প্রেসিডেন্ট বুশ যাবেন চিরিজুয়া গ্রামে। সেখানে সমবায় বাজারের কর্মকাণ্ড ঘুরে দেখবেন। এছাড়া বুশের সফরসূচির মধ্যে রয়েছে মায়া সভ্যতার প্রতœতাত্ত্বিক স্থানও।
তবে এই সফরসূচির বিরোধিতা করছে মায়া ইন্ডিয়ান নেতারা। তারা বলছে, বিশ্বের কাছে প্রেসিডেন্ট বুশ একজন আগ্রাসী মানব হিসেবেই বিবেচিত। তাই তাদের পবিত্র ভূমি তার পদস্পর্শে হবে কলঙ্কিত। আর এ কারণে সফর শেষে ধুয়েমুছে তা কালিমামুক্ত করার ঘোষণা দিয়েছেন সম্প্রদায়ের নেতারা।
ব্রাজিল, উরুগুয়ে, কলাম্বিয়া, গুয়াতেমালার পর মেক্সিকো সফরের মধ্য দিয়ে শেষ হবে বুশের সপ্তাহব্যাপী লাতিন আমেরিকা সফর।
