জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা নেই: মুশাররফ
পাকিস্তানে সময়মতো নির্বাচন অনুষ্ঠানে নিজের অঙ্গীকারের কথা আবার স্মরণ করিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনার কথাও নাকচ করেছেন তিনি।
সোমবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে এক অনুষ্ঠানে পারভেজ মুশাররফ দাবি করেন, তিনি যা কিছু করছেন, সবই সংবিধানের আওতায় থেকেই করছেন।
বিচারপতি বরখাস্তের ঘটনায় সামাল দিতে ব্যর্থতার কথা কিছুটা স্বীকার করেন পাকিস্তানি প্রেসিডেন্ট। তিনি বলেন, “এ বিষয়ে জনগণকে আগেভাগে জানিয়ে ভুল হয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে।”
তবে এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্যও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দেন তিনি।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “নির্বাচন সময়মতো হবে, এটা দেশবাসীর কাছে আমার অঙ্গীকার। আর বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ব্যবহারের কোনো ইচ্ছা আমার নেই।”
সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে জেনারেল মুশাররফ বলেন, “আমি যা করছি, তার সবই সংবিধানের ভেতরে থেকে করছি। কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করছি না। তাই সামনের দিনগুলোতেও সংবিধানের আলোকেই কাজ করব।”
এর আগে তিনি জানিয়েছিলেন, ২০০৭ এর শেষ নাগাদ তিনি সেনাপ্রধানের পদ ছাড়বেন।
এদিকে বিচারপতি ইফতেখার চৌধুরী বরখাস্তের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ওই ঘটনার প্রতিবাদে ছয়জন বিচারক ইতোমধ্যেই পদত্যাগ করছেন।
