ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ কূটনীতিবিদরা বলেন, ইরানকে কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি। দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে মাত্র।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে দেশটির বুশেহরে পরমাণু চুল্লিতে জ্বালানি সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া।
এ প্রসঙ্গে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, “ইরানকে কোনো ধরনের আল্টিমেটাম দেওয়া হয়নি। আর আমাদের অভিধানে হুমকি শব্দটিই নেই।”
এদিকে ওয়াশিংটন এবং ইউরোপে রয়টার্সের সঙ্গে সাক্ষাতকারে রাশিয়ান তিন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া আল্টিমেটাম দেয়নি। তবে এটা জানিয়েছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য সাধনে ইরানকে তারা জ্বালানি সরবরাহ করবে না।”
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, “পরমাণু ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসার আগে ইরানকে জ্বালানি তেল সরবরাহে আমরা রাশিয়াকে বারবার নিষেধ করে আসছি।”
