আল কায়েদা নির্মূলে অন্য গেরিলা সংগঠনগুলোর সঙ্গে সমঝোতা করছে ইরাক সরকার
আল কায়েদার তৎপরতা বন্ধে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইরাকের অন্যান্য গেরিলা সংগঠনগুলোর সঙ্গে চুক্তি করবে ইরাক। এ বিষয়ে বড় বড় বিদ্রোহী দলগুলোর নেতাদের সঙ্গে ইতোমধ্যে সরকারের আলোচনাও হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ইরাকের জাতীয় সংলাপ ও সংহতিস্থাপন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক সাদ আল মুত্তালিবি বলেন, “বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনায় সরকারের বিরুদ্ধে গেরিলা দলগুলোর হামলা বন্ধের বিষয়টিও স্থান পেয়েছে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাত ভুলে সবাই মিলে কিভাবে আল কায়েদাকে হটানো যায়, সেটাই ছিল মূল আলোচ্য।”
তিনি বলেন, “আল কায়েদা নির্মূলে আমরা ইতোমধ্যে গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা এবং বেশ কয়েকটি চুক্তির বিষয়ে অনেকখানি এগিয়ে গেছি। আল কায়েদাকে ইরাক থেকে বিতাড়িত করতেই আমরা যৌথভাবে কাজ করতে চাই।”
উল্লেখ্য, ইরাকের বিক্ষুব্ধ আল আনবার প্রদেশ ইরাকি গেরিলাদের শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত হলেও গত বছর সেপ্টেম্বরে সেখানে নতুন করে আল কায়েদা মাথাচাড়া দিয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, সংগঠনটির নেতৃত্বে যারা রয়েছেন তারা ইরাকি নন, আরব বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিক। যার ফলে ইরাকের গেরিলা গোষ্ঠীগুলো শুরু থেকেই এই দলটির ঘোর বিরোধিতা করে আসছে।
