উ কোরিয়া নিয়ে অচলাবস্থা দেখা দেওয়ায় উদ্বিগ্ন আলোচকরা
উত্তর কোরিয়া নিয়ে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছয় জাতি আলোচকরা।
ম্যাকাওয়ে ব্যাংক একাউন্টের জব্দ করা আড়াই কোটি ডলার হাতে না পেয়ে পরমাণু নিরস্ত্রীকরণে আর অগ্রসর হতে চাইছে না উত্তর কোরিয়া। বেইজিঙে ছয় জাতি আলোচনার অন্য সদস্যরা কালক্ষেপণে অধৈর্য হয়ে উঠলেও চাপের কাছে নতি স্বীকারে রাজি নয় দেশটি। এ অবস্থায় বুধবারও অচলাবস্থা কাটেনি বেইজিং বৈঠকে।
এ প্রসঙ্গে সহকারী মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বেইজিঙে বলেন, “ব্যাংক একাউন্ট বিষয়ে যা করার ছিল যুক্তরাষ্ট্র তাই করেছে। এখন বাকিটা নির্ভর করছে চীন ও ম্যাকাওয়ের ওপর।”
তিনি বলেন, “তারা ওই অর্থ হস্তান্তর করেনি। এদিকে উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে যে অর্থ হাতে না পেয়ে আলোচনায় বসছে না তারা। এর ফলে আলোচনায় যে কালক্ষেপণ হলো, অবশ্যই তার মূল্য দিতে হবে সবাইকে।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এ অচলাবস্থা কাটিয়ে উঠে নির্ধারিত সময়ে, অর্থাৎ ৬০ দিনের মধ্যেই পিয়ংইয়ঙের নিরস্ত্রীকরণের কাজ এগোবে এবং সে লক্ষ্যে আলোচনাও চলতে থাকবে।
কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও ম্যাকাওয়ের ব্যাঙ্কো ডেলটা এশিয়ার ওই অর্থ কেন এখনও চীনের ব্যাংক অফ চায়নায় এসে পৌঁছেনি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি কোনো পক্ষই।
১৩ ফেব্র“য়ারিতে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনায় প্লুটোনিয়াম উৎপাদন বন্ধ ও পর্যায়ক্রমে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয় উত্তর কোরিয়া। কিন্তু জব্দ করা ব্যাংক একাউন্টের অর্থ হাতে না পেয়ে একপাও নড়তে রাজি নয় দেশটি।
বিশ্লেষকরা বলছেন, নিরস্ত্রীকরণের বিনিময়ে জ্বালানি কিংবা সমপরিমাণ অর্থ সাহায্য এবং নিরপত্তার নিশ্চয়তা থাকলেও ম্যাকাও ব্যংকের বিষয়টিকে একটি পরীক্ষা হিসেবে দেখছে উত্তর কোরিয়া।
পিপলস ইউনিভার্সিটি অফ বেইজিঙের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শি ইনহং মনে করেন, “শুধু নগদ অর্থ হাতে পাওয়ার বিষয় নয় এটা, একে একটি প্রতীকী পরীক্ষা হিসেবে দেখতে চাইছে তারা।”
তিনি বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে একটি বার্তা পৌঁছে দিতে চাইছে উত্তর কোরিয়া। বিষয়টা এরকম, তারা যদি সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দিকেও যায় সেক্ষেত্রে এর পুরো ফসল তুলতে চাইবে তারা। আর অবশ্যই তারা মনস্তাত্ত্বিক বিজয় পেতে চাইবে।”
এদিকে ম্যাকাও সরকারের এক মুখপাত্র বলেছেন, “ওই একাউন্ট স্থানান্তরের বিষয়ে এখনও কোনো অগ্রগতির কথা জানেন না তিনি।”
বেইজিঙে ব্যাংক অফ চায়নার কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে দক্ষিণ কোরিয়ার মুখপাত্র চান ইয়ুং উ বলেছেন, “চীনারা একটি সমাধানের পথ বাতলাতে পারে বলে অপেক্ষা করে আছি আমরা।”
এদিকে উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় পর্যাপ্ত সময় নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার দূত আলেক্সান্দার লসিওকোভ। তিনি বলেন, “সময় দ্রুত শেষ হয়ে আসছে। আমি মনে করি যে আলোচনা আজই (বুধবার) শেষ হওয়া উচিৎ।”
