অবশেষে ব্রিটেনের রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি তদন্তের খবর ছাপালো গার্ডিয়ান
অনেক চেষ্টা তদবিরের পর বিবিসি ও দি সান পত্রিকাকে ঠেকানো গেলেও ঠেকানো যায়নি দি গার্ডিয়ানকে। মঙ্গলবার ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর তহবিল কেলেঙ্কারি তদন্তের খবর ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি। আর এর ফলে প্রধানমন্ত্রী টনি বে¬য়ার আরেকটু বিপাকে পড়েছেন বলেই মনে করছেন বিশে¬ষকরা।
রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেয় রাজনৈতিক দলগুলো- এমন অভিযোগ আসার পর তা নিয়ে তদন্তে নামে ব্রিটিশ পুলিশ। এ নিয়ে দুই দফা পুলিশি জেরার মুখেও পড়েন প্রধানমন্ত্রী বে¬য়ার। সম্প্রতি গ্রেপ্তার হন তার ঘনিষ্ঠ দুই সহযোগী। মেয়াদ শেষের মাত্র কয়েক মাস আগে এ কেলেঙ্কারিতে পড়ে খাবি খাচ্ছেন এখন টনি বে¬য়ার। এ নিয়ে তার পদত্যাগের দাবিও ওঠে জোরেশোরে। যদিও বে¬য়ারের দাবি, এর সঙ্গে তার নিজের সম্পৃক্ততা নেই।
তদন্তের খবর বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশের তোড়জোড় শুরু হলে তা ঠেকাতে মাঠে নামেন অ্যাটর্নি জেনারেল পিটার গোল্ডস্মিথ। পুলিশি তদন্তে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে- এ অজুহাত তুলে খবর প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা চান তিনি। এক পর্যায়ে সফলও হন। শুক্রবার আদালতের রায় নিয়ে বিবিসিতে প্রতিবেদন প্রচার ঠেকানো হয়। দি সান এ খবর প্রকাশ ঠেকিয়ে দেয় পুলিশ। কিন্তু উচ্চ আদালত সোমবার খবর প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারিতে অসম্মতি জানায়। আদালত বলে, “যেহেতু এ নিয়ে আগেও সংবাদ প্রকাশ হয়েছে, তাই সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের কোনো অবকাশ নেই।”
এর সঙ্গে সঙ্গেই প্রথম পাতায় বিশাল সংবাদ ছাপায় গার্ডিয়ান। জানায়, কীভাবে প্রধানমন্ত্রীর দুই সহযোগী তথ্য গোপনের মাধ্যমে তদন্ত কাজ প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। গার্ডিয়ান বলেছে, বে¬য়ারের অন্যতম অর্থদাতা ও মধ্যপ্রাচ্য প্রতিনিধি লর্ড মাইকেল লেভি এ ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুথ টার্নারের সম্পৃক্ততা গোপনের চেষ্টা চালিয়েছেন কিনা- ব্রিটিশ পুলিশ এখন তা খতিয়ে দেখছে। এক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে গত বছর টার্নার ও লেভির বৈঠকের বিষয়টি।
লর্ড লেভিকে জানুয়ারিতে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন পর রুথ টার্নার গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ফলে তিনি ছাড়া পান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের বিষয়ে টার্নার তার আইনজীবী ও পুলিশের কাছে তথ্য দিয়েছেন।
প্রকাশিত খবরের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বিস্তারিত কিছু বলতে চাননি। তবে অনেক খবরের সত্যতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
এদিকে গার্ডিয়ান সম্পাদক অ্যালান রাসব্রিজার এক বিবৃতিতে দাবি করেছেন, তাদের প্রতিবেদন নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতেই করা হয়েছে। আর জনস্বার্থের কথা বিবেচনায় নিয়েই তারা এ খবর ছাপিয়েছেন।
