পূর্ব তিমুরে শান্তিরক্ষী বাহিনীর অভিযানে ৪ জন নিহত
পূর্ব তিমুরে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অভিযানে চার ব্যক্তি নিহত হয়েছে রোববার। দেশটির বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাদোকে গ্রেপ্তারের জন্য রাজধানী দিলির দক্ষিণাঞ্চলে এ অভিযান চালানো হয়েছে বলে অস্ট্রেলীয় বাহিনীর এক কমান্ডার জানান।
তবে রেইনাদো পালিয়ে গেছেন এবং এ অভিযানে তার দলের কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান সেনা কর্মকর্তারা। গত মে মাসে পূর্ব তিমুরে রাজনৈতিক অচলাবস্থায় বিরোধী পক্ষের নেতৃত্বে ছিলেন রেইনাদো।
অভিযানে শান্তিরক্ষী বাহিনীর কেউ হতাহত হয়নি। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান।
গত বছরের আগস্ট মাসে রেইনাদো তার ৫০ সহযোগীসহ কারাগার থেকে পালিয়ে যায়। পুলিশ ফাঁড়িতে হামলার নেতৃত্ব দেওয়ায় এবং ২৫টি স্বয়ংক্রিত অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট জানানা গুসামাও গত মাসে তাকে গ্রেপ্তারের আদেশ দেন।
এদিকে রেইনাদো পুলিশ ফাঁড়িতে হামলার কথা অস্বীকার করে জানিয়েছে যে পুলিশই তাকে এসব অস্ত্র দিয়েছে। গুসামাও তাকে আত্মসমর্পনের অনুরোধ জানিয়েছেন।
শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে রেইনাদো বলেন তিনি সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন তবে আন্তর্জাতিক বাহিনীর কাছে আত্মসমর্পন করতে রাজি নন।
