জাকার্তার মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি
জাকার্তার মার্কিন দূতাবাসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আল কায়েদা। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
দূতাবাসের এক মুখপাত্র জানান, পুলিশ এ হুমকির কথা জানায় এবং দূতাবাস ভবনে ব্যাপক তল্লাশি চালায়। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
দেসাব আলখালি নামে ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, “দুটি মোবাইল ফোন থেকে এসএমএস করে ওই হুমকি দেওয়া হয়। তাতে লেখা ছিল, জাকার্তার মার্কিন দূতাবাস ৩০ মিনিটের মধ্যে উড়িয়ে দেওয়া হচ্ছে। নিচে লেখা ছিল, আল কায়েদা।”
স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে প্রথম ও ১১টা ২৩ মিনিটে দ্বিতীয় এসএমএসটি আসে বলে জানান তিনি।
তবে রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, হুমকি সত্ত্বেও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়নি।
গত মাসেও এ ধরনের হুমকি এলে কয়েক ঘণ্টার জন্য দূতাবাস ভবন খালি করা হয়।
