২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের সঙ্গে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

আসন্ন নির্বাচনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন জনপ্রিয় টিভি সাংবাদিক ম্যাক্সিন ম্যাকিউ। হাওয়ার্ডের নিজ নির্বাচনে এলাকা সিডনির বেনেলঙে তার বিরুদ্ধে প্রার্থি হওয়ার ঘোষণা সোমবার দেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) সাবেক এই খ্যাতিমান নারী সাংবাদিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রক্ষণশীল দলের নেতা জন হাওয়ার্ড ১১ বছর ধরে টানা ক্ষমতায় থাকলেও এ বছরের দ্বিতীয়ার্ধে সাধারণ নির্বাচনে নিজ এলাকা সিডনির বেনেলঙে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন। ১৯৭৪ সাল থেকে এ আসনটি তার দখলে। আর যার সঙ্গে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই সেই ম্যাক্সিন ম্যাকিউয়ের জনপ্রিয়তাও সেখানে অনেক।

এছাড়া, গত সপ্তাহে প্রকাশিত অনলাইনভিত্তিক এক জনমত জরিপে দেখা গেছে, জন হাওয়ার্ডের রক্ষণশীল দলের অবস্থান মধ্যবামপন্থী শ্রমিক দলের তুলনায় কিছুটা নাজুক হয়ে পড়েছে। সেখানে শ্রমিক দলের প্রতি জনসমর্থন ৫৫ শতাংশ। তরুণ কেভিন রাড গত ডিসেম্বরে শ্রমিক দলের নেতা হওয়ার ওই জায়গায় দলের জনপ্রিয়তা বাড়ে।

এর আগে ম্যাকিউ ২০০৪ সালের নির্বাচনে শ্রমিক দলের হয়ে নির্বাচনে দাঁড়ানোর অনুরোধ পেলেও তা প্রত্যাখ্যান করেন। তবে এবারের নির্বাচনে তিনি রাডকে সহযোগিতা করবেন বলে জানান।

“কেভিন রাডের জনপ্রিয়তাকে আমি বড় অর্জন বলে মনে করি। পরবর্তী প্রধানমন্ত্রী হতে আমি তাকে সহযোগিতা করতে পারব বলে আশা করছি,” বলেন ম্যাকিউ।

“জন হাওয়ার্ডের জন্য বিষয়টি বেশ উদ্বিগ্ন হওয়ার মতোই,” এবিসি রেডিওকে একথাই বললেন নির্বাচন বিশেষজ্ঞ অ্যান্টনি গ্রিন।