২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিনের নকশা অনুযায়ী তৈরি শিশু’ উৎপাদনের নিন্দায় পোপ

জিন প্রযুক্তিসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ‘জিনের নকশা অনুযায়ী তৈরি শিশু’ উৎপাদনের তীব্র সমালোচনা করেছেন ভ্যাটিকানের পোপ ষোড়শ বেনেডিক্ট। ক্রটিহীন এসব শিশু উৎপাদনের বিষয়টি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

শনিবার গির্জার একদল বিশেষজ্ঞের সংগঠন ‘পন্টিফিকাল একাডেমি ফর লাইফ’ এ বক্তব্য রাখার সময় পোপ ডিম্বাণুকে কৃত্রিমভাকে নিষিক্তকরণ এবং রোগ নির্ণয়ে ও বংশানুক্রমে পাওয়া ভ্রুণের বিভিন্ন অসঙ্গতি দূর করতে ব্যাপকভাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের পরীক্ষা - নিরীক্ষারও নিন্দা জানান।

কৃত্রিমভাবে শিশু উৎপাদনের সমালোচনা করে তিনি বলেন, “উন্নত বিশ্বে জীবপ্রযুক্তিগত গবেষণা ‘নিখুঁত শিশু (পারফেক্ট চাইল্ড)’ উৎপাদনের দিকে মানুষকে ইদানিং ক্রমশ আগ্রহী করে তুলছে।”

লাতিন আমেরিকা ও ধনী দেশগুলোতে গর্ভপাতের অধিকার দেওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সারা বিশ্বে জন্ম নেওয়ার অধিকারের ওপর হামলা ক্রমেই বাড়ছে। 

পোপ অবিবাহিত ও পুরুষ সমকামীদের একসঙ্গে থাকার অধিকার দিয়ে ইতালি সরকারের একটি বিলেরও সমালোচনা করেন। বিয়ের বিকল্প হিসেবে একসঙ্গে থাকারও বিরুদ্ধাচারণ করেন তিনি।