২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে মুক্ত নির্বাচনের দাবিতে প্রচারণা

রাজতান্ত্রিক সৌদি আরবে মুক্ত নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন দেশটির সংস্কারপন্থীরা। এ মাসের ২ তারিখ থেকে এ সংক্রান্ত একটি আবেদন ইন্টারনেটে প্রচার করা হচ্ছে বলে এক সংস্কারপন্থী কর্মী খালেদ আল ওমর সোমবার জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ওমর জানান, এ মাসের ২ তারিখে ওই ইন্টারনেট আবেদনটি প্রকাশ করা হয় এবং এ পর্যন্ত ১১৪ ব্যক্তি স্বাক্ষর করেছে নির্বাচনী ব্যবস্থার পক্ষে। এর মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ করাই এ আবেদনের লক্ষ্য।

“একমাস পর সমর্থনকারীদের স্বাক্ষরসহ বাদশার কাছে এ আবেদন পেশ করব আমরা,” বলেন ওমর।

এ আবেদনে তিন স্বাক্ষরকারী সুলায়মান রুশাউদি, মুসা আল কারনি ও ফাহাদ আল কুরাশিকে আটক করা হয় ফেব্র“য়ারির ২ তারিখে আবেদনটি প্রকাশ করার দিনই। সন্ত্রাসবাদে তহবিল যোগানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

নির্বাচনের আবেদনের সঙ্গে ওই গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলে সরকার দাবি করলেও সংস্কারপন্থী কর্মী ও মানবাধিকার সংগঠনগুলো দুটি ঘটনার সংশ্লিষ্টতার কথা বলে এর ব্যাখ্যা দাবি করছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি বলেন, “ওই আবেদনের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদে তহবিল যোগানোর তথ্যপ্রমাণের ভিত্তিতে কয়েকব্যক্তিকে আটক করেছি আমরা। তাদের মধ্যে কেউ অন্য কোনো কিছুতে যুক্ত কিনা তা আমার জানা নেই।”

অন্যদিকে সংস্কারপন্থী কর্মীদের সঙ্গে মানবাধিকার সংগঠনগুলোও দাবি করছে, ওই নির্বাচনী আবেদনে সম্পৃক্ততার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ওই গ্রেপ্তারে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষকে। সুইজারল্যান্ডভিত্তিক স্বতন্ত্র জুরিদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টস’  সোমবার বলেছে সংস্কারবাদী কর্মকাণ্ডের কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এমন ধারণার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে একইরকম আরেকটি আবেদনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিন ব্যক্তিকে আটক করেছিল সরকার। পরে ২০০৫ সালে বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় এলে তাদের মুক্তি দেওয়া হয়।

সৌদি আরবে মনোনীত প্রতিনিধিদের একটি পার্লামেন্ট আছে যারা আইন প্রণয়ন সম্পর্কে উপদেশ ও পরামর্শ দিয়ে থাকেন। ২০০৫ সালে মিউনিসিপাল পরিষদগুলোর অর্ধেক আসনে নির্বাচিত প্রতিনিধি নিয়োগের বিধান করা হয়। কিন্তু কার্যকর ক্ষমতাসম্পন্ন কোনো জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থার দিকে আর কোনো অগ্রগতি নেই রাজতান্ত্রিক দেশটির।