নেপালি মাওবাদীদের প্রথম দফা নিরস্ত্রীকরণ সম্পন্ন
নেপালি মাওবাদীদের প্রথম দফা নিরস্ত্রীকরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে ১০ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে সরকার ও মাওবাদীদের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়নের পথে একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নেপালে জাতিসংঘের মুখপাত্র কিয়েরান দিওয়ার রোববার রয়টার্সকে বলেন, “আমরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন কেবলই লেখা শেষ করেছি। এটা দেশটির সরকার ও মাওবাদীদের কাছে শিগগিরই পাঠানো হবে।”
ওই প্রতিবেদনে কতজন মাওবাদীকে নিরস্ত্র করা হয়েছে এবং তারা কি ধরনের অস্ত্র জমা দিয়েছে তার উল্লেখ থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দিওয়ার।
এর আগে মাওবাদীরা জানিয়েছিল তাদের ৩৫ হাজার যোদ্ধা রয়েছে। তবে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করছে তা জানানো হয়নি।
নিরস্ত্রীকরণের দ্বিতীয় পর্যায়ে মাওবাদী যোদ্ধাদের বয়স ও যোদ্ধা জীবনের স্থায়ীত্বসহ বেশ কিছু তথ্য সংগ্রহ করা হবে। মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে অভিযোগ করেছিল, মাওবাদীরা শিশুদের যোদ্ধা হিসেবে ব্যবহার করে। তবে বিদ্রোহীরা সবসময়ই এ অভিযোগ অস্বীকার করেছে।
নিরস্ত্রীকরণের চূড়ান্ত পর্যায়ে নেপালি সেনাবাহিনী মাওবাদীদের সমসংখ্যক অস্ত্র রাষ্ট্রীয় অস্ত্রভাণ্ডারে জমা রাখবে বলে কথা রয়েছে।
উল্লেখ্য, সরকারের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী দেশটির ৩২৯ আসনের পার্লামেন্টে মাওবাদীরা ৮৩টি আসনে প্রতিনিধিত্ব করবে। এছাড়া তারা অন্তর্বর্তী সরকারেও যোগ দেবে।
