ইরাক ও লেবানন নিয়ে আসাদ-আহমাদিনেজাদ বৈঠক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ইরাকের অস্থিতিশীলতা এবং লেবানন সংকট নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে বৈঠককাল শনিবার তিনি একথা বলেন।
ইরানে দুদিনের সফরের প্রথমদিন শনিবার দুই নেতা এসব বিষয়ে আলোচনা করেন বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
আহমেদিনেজাদ ২০০৫ সালে ক্ষমতায় আসার পর আসাদ দ্বিতীয়বারের মত ইরান সফর করছেন। সফরের দ্বিতীয় দিন রোববার তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বৈঠকে আসাদ বলেন,“এ অঞ্চলে আমেরিকার নীতি বিফল হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ওয়াশিংটন তাদের লক্ষ্য অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে।”
এ প্রসঙ্গে আহমাদিনেজাদ বলেন,“মুসলিম দেশগুলোর মধ্যে একতা বজায় রাখা উচিত।”
আহমিদেনেজাদ বলেন,“আমেরকিা বলছে যে তারা এ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমেরিকার মূল উদ্দেশ্য হল ইসরায়েল এবং নিজেদেরকে শক্তিশালী করা।”
একইসঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনের যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন আহমেদিনেজাদ। তিনি বলেন,“মুসলমানদের মধ্যে বিবাদ সবসময়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ক্ষতিকর এবং ইসলামের শত্র“দের জন্য তা সুবিধাজনক।”
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, সিরিয়া ও ইরান ইরাকি বিদ্রোহীদের অর্থ ও অস্ত্রসস্ত্রের মদদ দিচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশদুটির মদদ নিয়ে লেবাননের জঙ্গি বাহিনী হিজবুল্লাহ সেদেশর পশ্চিমা সমর্থিত সরকারের পতনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে সিরিয়া ও ইরান।
