২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুক্তি না করে উপায় ছিল না উত্তর কোরিয়ার’

পরমাণু স্থাপনা বন্ধে চুক্তিতে সম্মত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ উত্তর কোরিয়ার সামনে খোলা ছিল না। এমনটাই মনে করছেন ছয় জাতি সংলাপে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি চুন য়ুং উ। তার মতে, ভঙ্গুর অর্থনীতি ও সীমিত কূটনৈতিক পরিসরই এ পথে আসতে বাধ্য করেছে পিয়ংইয়ংকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শুক্রবার সউলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চুন য়ুং বলেন, “আমার মনে হয়, পরমাণু পরীক্ষা চালানোর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের হাতের সব তাসই খেলে দিয়েছিল। নিজেদের ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি সঙ্কটের কথা বিবেচনায় রেখেই তারা ইয়ংবিয়ন চুল্লি বন্ধের মতো সিদ্ধান্তও মেনে নেয়।”

চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়াকে প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার টন তেল কিংবা সমপরিমাণ জ্বালানি সাহায্য দিতে দক্ষিণ কোরিয়ার আপত্তি নেই বলে জানান চুন য়ুং। তবে তিনি এ কথাও স্মরণ করিয়ে দেন, “প্রতীকী অর্থে প্রথম দফায় সাহায্য আমরা পাঠাচ্ছি। এর মানে এই নয় যে বারবার আমরাই তা করে যাব।”

চুন আরও জানান, গৃহীত চুক্তির ফলে পিয়ংইয়ঙের সঙ্গে ওয়াশিংটনের বন্ধন জোড়া লাগার একটি সূত্র তৈরি হল। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল ও উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম কাই ওয়ানের সফর বিনিময়ের পথও প্রশস্ত হয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ অচলাবস্থার পর গত মঙ্গলবার ছয় জাতি সংলাপে চুক্তি করতে সম্মত হয় পিয়ংইয়ং। চুক্তির আওতায় ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার কার্যক্রম ৬০ দিনের মধ্যে বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়াকে দেওয়া হবে ৫০ হাজার টন তেল কিংবা সমপরিমাণ জ্বালানি সাহায্য। আর এরপর পরমাণু কর্মসূচি বন্ধে অন্যান্য পদক্ষেপ গ্রহণের জন্য উত্তর কোরিয়া পাবে আরও নয় লাখ ৫০ হাজার টন তেল বা সমপরিমাণ জ্বালানি সাহায্য।