তালেবান কমান্ডারের দাবি, ১০ হাজার যোদ্ধা প্রস্তুত আছে
গ্রীষ্ম মওসুমের শুরু থেকেই ন্যাটো বাহিনীর ওপর বড় ধরনের হামলা শুরু করতে চায় তালেবানরা। এ জন্য প্রস্তুতিও চলছে জোরেশোরে। শুক্রবার তালেবান কমান্ডার রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, তাদের ১০ হাজার যোদ্ধা প্রস্তুত আছে।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান অভিযান পরিচালনার দায়িত্বে আছেন মোল্লা আবদুর রহিম। তিনি বলেন, “শীতকাল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়ব আমরা।”
দখলদার সেনাদের জন্য আফগানিস্তানকে নরকতুল্য করে তোলার হুঁশিয়ারি দিয়ে তালেবান নেতা বলেন, “আমাদের অভিযানের মূল ক্ষেত্র হবে মূলত আফগানিস্তানের দক্ষিণাঞ্চল ও হেলমান্দ প্রদেশ। সব প্রস্তুতি শেষ। ১০ হাজার যোদ্ধা তৈরি আছে। নির্দেশ পেলেই ময়দানে নেমে পড়বে তারা।”
দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই একটি শহর পুনর্দখল করে নিয়েছে তালেবানরা। সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা যায়, আত্মঘাতী হামলাকেই কৌশল হিসেবে এখন গুরুত্ব দিচ্ছে তালেবানরা। তারা দাবি করছে, দুই হাজার আত্মঘাতী হামলাকারী তাদের বাহিনীতে রয়েছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আরও তিন হাজারকে।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ২০০১ সালে তালেবানদের উৎখাত করার পর গত বছর সহিংসতায় সবচেয়ে বেশি লোক মারা যায় আফগানিস্তানে। এ সংখ্যা চার হাজারের বেশি। বিশ্লেষকরা ধারণা করছেন, এ বছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ইতোমধ্যে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শক্তি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
