ভারতের বিমানবন্দরে বডি স্ক্যানার না ব্যবহারের সিদ্ধান্ত
যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণœ হচ্ছে- এ কারণে ভারতের বিমানবন্দরগুলোয় এক্স - রে বডি স্ক্যানার ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এ খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।
জঙ্গি হামলার আশঙ্কায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দেশের ১৬টি বিমানবন্দরে এক্স - রে বডি স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
গত বছরের এ সিদ্ধান্তের পর চার মাস আগে প্রথম স্ক্যানারটি বসানো হয় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। কিন্তু যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকদিন পর তা প্রত্যাহার করা হয়।
অত্যাধুনিক এ স্ক্যানারগুলো মানব শরীরে, এমনকি ত্বকের নিচে লুকিয়ে রাখা বোমা বা বিস্ফোরক দ্রব্য শনাক্ত করতে সক্ষম। রঞ্জন রশ্মি ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরের পুরো একটি চিত্র তুলে ধরতে পারে এগুলো।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইএসএফ- এর এক কর্মকর্তা জানান, “যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যে ধরনের প্রতিবাদের ঝড় উঠেছিল তা চিন্তা করলেই বোঝা যায়, এ ধরনের যন্ত্র এ দেশে ব্যবহার কঠিন হবে।”
একইসঙ্গে তিনি বলেন, স্ক্যানারগুলোকে যতটা কাজের বলে বলা হয়েছিল, আসলে ততটা নয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
