বিশ্বে পরমাণু সন্ত্রাসের আশঙ্কা বাড়ছে
পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর অধিকার শুধু রাষ্ট্রগুলোরই নয়, ভবিষ্যতে এতে ভাগ বসাতে পারে সন্ত্রাসীরাও। এরকম আশঙ্কার কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
লন্ডনের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট সম্প্রতি জানিয়েছে এমন আশঙ্কার কথা। এক প্রতিবেদনে এ জন্য পশ্চিমা দেশগুলোকে সতর্কও করে দেওয়া হয়। আর আলাদা এক প্রতিবেদনে এর সঙ্গে সহমত প্রকাশ করেছেন যুক্তরাজ্যের চ্যাথাম হাউজের আন্তর্জাতিক নিরাপত্তা কর্মসূচির প্রধান পল কর্নিশও।
ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউটের প্রতিবেদনটি তৈরি করেন কেন বেরি। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা পরমাণু বোমা তৈরির উপাদান ও বানানোর প্রক্রিয়া খুব সহজেই হস্তগত করতে পারছে। ফলে যে হুমকির কথা বলা হচ্ছে, তা অলীক কোনো বিষয় নয়। বিভিন্ন দেশের পরমাণু শক্তিধর হিসেবে গড়ে ওঠার বাসনা এ হুমকিকে আরো ত্বরান্বিত করছে।
এছাড়া সামরিক ও বেসামরিক পরমাণু কর্মসূচির ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকাটাও সন্ত্রাসীদের কাছে পরমাণু অস্ত্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে বলে প্রতিবেদনে বলা হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় পাকিস্তান ও উত্তর কোরিয়ার নাম।
এতে আরো বলা হয়, হয়তো ১০ থেকে ১৫ বছর পরে পরমাণু বোমা নিয়ে আবির্ভূত হতে পারে কোনো আমেরিকান বা ইউরোপীয়।
পল কর্নিশের মতে, পরমাণু বোমা তৈরির প্রক্রিয়াটি কঠিন হলেও অসাধ্য নয়। সন্ত্রাসীরা এটা বানিয়ে ফেলতে পারে। কারণ এটা তৈরির উপাদান, প্রক্রিয়া ও প্রযুক্তি সহজলভ্যই হয়ে উঠছে।
তিনি বলেন, “বড় ধরনের পরমাণু বোমা তৈরির বদলে সন্ত্রাসীরা হয়ত এমন একটি যন্ত্র তৈরি করে ফেলবে, যাতে কম উপাদান ব্যবহার করতে হয়।”
তার ধারণা রাসায়নিক, জীবাণু কিংবা পরমাণু- এর যেকোনোটিকেই বেছে নিতে পারে সন্ত্রাসীরা।
গত বছরের নভেম্বরে একই আশঙ্কা প্রকাশ করেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই---ফাইভের প্রধান এলিজা মানিংহাম বুলার। ভবিষ্যতের হুমকি হিসেবে তিনি রাসায়নিক, জৈব উপাদান, তেজস্ক্রিয় পদার্থ ও পরমাণু প্রযুক্তি--- কোনোটিকেই বাদ দেননি তিনি।
অনেক নিরাপত্তা বিশ্লেষক আবার বিশ্ব উষ্ণায়নকেই সন্ত্রাসবাদের বিস্তারে সহায়ক হিসেবে দেখছেন। তারা বলছেন, উষ্ণায়নের ফলে পৃথিবীর সম্পদ কমছে। ফলে এ সংঘাতে বাড়ছে ধনী - গরিবের বৈষম্য। আর এ বৈষম্যের অবশ্যম্ভাবী পরিণতিতে বি¯তৃত হচ্ছে সন্ত্রাসবাদ।
আবার রাশিয়ার সাবেক গুপ্তচর লিটভিনেনকোর হত্যার বিষয়টি তুলে ধরে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউটের গ্রেগ অস্টিন বলেন, “এর মাধ্যমে দেখা গেল রাশিয়া থেকে প্লুটোনিয়াম পাচার হয়ে এল। যে চিত্রটি ফুটে উঠল তাতে বলাই যায়, অসাম্প্রদায়িকতার আদর্শ পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকাতে কাজে আসছে না। দেখা যাবে, সবার আগে ইউরোপীয় কিংবা আমেরিকার কোনো সন্ত্রাসীই পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে বসে আছে।”
