২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের ‘ফ্রেন্ডলি ফায়ার’র কাহিনী ছেপেছে দি সান

ইরাকে ব্রিটিশ সেনা কনভয়ের ওপর মার্কিন সেনাদের ‘ফ্রেন্ডলি ফায়ার’ ভিডিও চিত্রের কাহিনী ছেপেছে ব্রিটিশ ট্যাবলয়েড দি সান। ২০০৩ সালে বসরার ওই ঘটনায় মারা যান ব্রিটিশ ল্যান্স কর্পোরাল ম্যাটি হিউল। মঙ্গলবার ছাপা হওয়া দি সানের প্রতিবেদনেই প্রথমবারের মতো প্রকাশ পেল ওই ভিডিওচিত্রের বিবরণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

প্রতিবেদনটিতে বলা হয়, ওই ভিডিও টেপটি মার্কিন যুদ্ধবিমানের ককপিট থেকে তোলা। বিমানের পাইলটদের  কথপোকথনে বোঝা যাবে যে তারা ভুল করে একটি ব্রিটিশ ‘আর্মার্ড কারে’ গুলি করে ফেলেছে।

এক পাইলট বলছে, “হায় ঈশ্বর! আমরা জেলখানায় ঢুকতে যাচ্ছি।”

ভিডিওটির অংশ বিশেষ প্রচার করে বিবিসি রেডিও ও স্কাই টিভি। সেখানে দেখা যায়, ব্রিটিশ সেনাদের গাড়ির ছাদে ‘কমলা রঙের বিশেষ চিহ্নকে’ সনাক্ত করা নিয়ে কথা বলছে দুই মার্কিন সেনা।

মিত্র বিমান থেকে চিনতে পারার জন্য যৌথ বাহিনীর সামরিক যানগুলোর ছাদে ওই বিশেষ কমলা রঙ করা হয়েছিল ইরাকে। কিন্তু ওই রঙকে বিমান থেকে রকেট লাঞ্চার বলে ভুল করেছিল মার্কিন সেনারা। তাই তারা গাড়িটির ওপর কয়েক রাউন্ড গোলা ছোড়ে এবং পরক্ষণেই নিজেদের ভুল বুঝতে পারে বলে বলা হয়েছে দি সানের প্রতিবেদনে।

ল্যান্স কর্পোরাল হিউলের মৃত্যুর ঘটনা তদন্তে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করা হয় তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীর তদন্ত বিভাগ জানায়, সরকারের পক্ষ থেকে ওই ভিডিও সরবরাহ করা না হলে তদন্ত কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ প্রসঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই ভিডিওটি যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন। তাই সেটা প্রচারের কোনো অধিকার নেই তাদের।

লন্ডনে মার্কিন মিশনের উপ--প্রধান ডেভিড জনসন বিবিসিকে বলেছেন, “প্রয়োজন হলে এটা প্রকাশ করার ব্যবস্থা নেওয়া হবে।”