২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় যাচ্ছেন হামাস--ফাতাহর নেতারা

হামাস--ফাতাহ সংঘাত বন্ধে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের পথে সৃষ্ট সঙ্কট নিরসনে মতৈক্যে পৌঁছাতে দুই পক্ষের নেতারা সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এবং দামাস্কাসভিত্তিক হামাস দলের প্রধান খালেদ মেশাল মঙ্গলবার মক্কায় বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। কয়েকদিন আগে সৌদি বাদশাহ এ মধ্যস্থতা বৈঠকের প্রস্তাব দেন। হামাস--ফাতাহ আলোচনা ফলপ্রসূ হলে ফিলিস্তিনের ওপর পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এর আগে দুই প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ ও সঙ্কট উত্তরণে কয়েক দফা অস্ত্রবিরতি চুক্তি হলেও কোনোবারই তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনে নতুন করে সাধারণ নির্বাচনের ডাক দেওয়ার হুমকি দেওয়ার পর থেকে অস্ত্রবিরতি চুক্তি বারবার অকার্যকর হয়ে পড়ে।

এদিকে, সোমবার হামাস--ফাতাহ সংঘর্ষে আহত তিন ফিলিস্তিনির মৃত্যুসহ গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত দুটি দলের সংঘাত ও লড়াইয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৯০ এ।

তবে ফিলিস্তিনে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে মাহমুদ আব্বাস সম্মত হোন তা চাচ্ছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কারণ, এতে ইসরায়েরকে স্বীকৃতি দান, দেশটির ওপর হামলার নিন্দা ও মধ্যপ্রাচ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তিতে আরোপিত শর্ত মেনে চলা সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি পূরণ নাও হতে পারে। এ কারণে হামাস--ফাতাহর আলোচনা কিছুটা ঘোলাটে পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

তবে মক্কার সমঝোতা বৈঠককে ইতিবাচক বলে মনে করছেন প্রধানমন্ত্রী হানিয়া। “আমরা জনগণের কাছে প্রতিশ্র“তি দিয়েছি যে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।”

সৌদি আরব রওয়ানা হওয়ার আগে গাজায় মিশর সীমান্তে সাংবাদিকদের তিনি বলেন, তিনি আশাবাদী যে ফিলিস্তিন নেতারা মক্কা থেকে ইতিবাচক ফল বয়ে আনবেন যা ‘ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত নিরসনে, উত্তেজনা বন্ধে এবং জাতীয় ঐক্য গঠনে সাহায্য করবে।’  

এছাড়া, সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “অসুবিধা, প্রতিবন্ধকতা তো থাকবেই। কিন্তু আমরা খোলা মন নিয়েই আলোচনায় যাচ্ছি যাতে করে একটি ফিলিস্তিন--ফিলিস্তিন ঐক্যে পৌঁছাতে পারা যায়।

হানিয়া বলেন,“সমঝোতায় পৌঁছানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথও খোলা নেই।”

ওই দিনই প্রেসিডেন্ট আব্বাস বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে সম্মত হতে হামাসের সঙ্গে আলোচনার শেষ সুযোগটি গ্রহণ করছি আমরা।”