ব্লেয়ারের পদত্যাগ চান বেশিরভাগ ব্রিটিশ
বেশিরভাগ ব্রিটিশ এখনি প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পদত্যাগ চান। সানডে এক্সপ্রেস পত্রিকায় রোববার প্রকাশিত এক জরিপের ফলাফলে ফুটে উঠেছে এ চিত্র।
জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশের মত, টনি ব্লেয়ারের এখনি পদত্যাগ করা উচিত, তার আর দায়িত্ব পালন সমীচীন নয়। এর মধ্যে লেবার পার্টি সমর্থকদের মধ্যে ৪৩ ভাগও একই মত পোষণ করেন।
রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর ওপর ব্রিটিশদের এ আস্থাহীনতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দুই দফা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন টনি ব্লেয়ার।
জরিপে অংশ নেওয়া ৬৬ ভাগের বিশ্বাস, তহবিল কেলেঙ্কারি সংক্রান্ত তথ্য গোপন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর লেবার পার্টি সমর্থক ৫৬ ভাগ মনে করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য গোপনের চেষ্টা চালাচ্ছে।
তবে টনি ব্লেয়ার নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। উপরন্তু শনিবার দলের এক সভায় ঘোষণা দেন, তহবিল সংক্রান্ত ঘটনায় তিনি পদত্যাগ করছেন না।
