ওয়াশিংটন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়া ও ইউরোপকে হারিয়ে ভারতের কোটি কোটি ডলারের অস্ত্র বাজার দখল করতে চায় যুক্তরাষ্ট্র। ভারতের কাছে যুদ্ধ বিমান, ভারবাহী বিমান ও অন্যান্য ভারী অস্ত্রসস্ত্র বিক্রির জন্য তারা উঠেপড়ে লেগেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ তারা ভারতের কাছে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করতে চান। তারা আশা করছেন, এর মাধ্যমে ভারতের সঙ্গে তাদের কৌশলগত ও সামরিক সম্পর্কও জোরদার হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের তিন নম্বর কর্তাব্যাক্তি নিকোলাস বার্নস বলেছেন, "যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের বিপুল পরিমাণ অস্ত্র কেনার মাধ্যমে এটা পরিস্কার হবে যে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে।" ফরেন অ্যফেয়ার্স সাময়িকির নভেম্বর-ডিসেম্বর সংখ্যায় তার এ মন্তব্য প্রকাশিত হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সোয়া দশ বিলিয়ন ডলারের ১২৬টি নতুন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ওয়াশিংটন প্রবলভাবে আগ্রহী উল্লেখ করে পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক অ্যান্ডার সেক্রেটারি বার্নস বলেন, ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারের এটি উল্লেখযোগ্য অগ্রগতি।
ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রির জন্য ইউরোপ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ৬টি প্রতিষ্ঠান আগামী তিন মার্চের মধ্যে দরপত্র দাখিল করবে। এর মধ্যে মার্কিন দুই প্রধান প্রতিযোগী লকহেড মার্টিন কর্পোরেশন ও বোয়িং কোম্পানি রাশিয়ার প্রতিষ্ঠানকে হারিয়ে দর নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীতল যুদ্ধের সময় থেকে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া।
রাশিয়া ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে, ভারত তাদের তৈরি যে মিগ বিমান ব্যবহার করছে সেগুলোর পরিবর্তে তারা নতুন মডেলের মিগ-৩৫ সরবরাহ করবে।
ভারতের রাষ্ট্রীয় হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেডকে আগামী দশ বছরে প্রায় এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ব্যাপারে শিকাগো ভিত্তিক বোয়িং কোম্পানি গত সপ্তাহে নীতিগতভাবে রাজি হয়েছে।
বোয়িং এর এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে স্বাক্ষরিত চুক্তির আওতায় বার্ষিক ১০ থেকে ২০ মিলিয়ন ডলারের অধিকাংশ অস্ত্র সর্ম্পকিত এই কাজ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫৭ঘ.
bdnews24