অটোয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- "দালাইলামা বারবনিতা নন। তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা।" অটোয়া কার্যালয়ে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার সঙ্গে দেখা করার কারণ বর্ণনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে এমনই কৌতুককর মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার।
দালাইলামার প্রতি শ্রদ্ধাস্বরূপই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সন্দেহ নেই। কিন্তু সেকথা বলতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবেই সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কথা বলতে পারেননি স্টিফেন।
মুখ ফসকে তিনি বলে ফেলেন, "আমি আমার কার্যালয়ে দালাইলামার সঙ্গে দেখা করেছি । অন্য সবার সঙ্গেও দেখা করেছি। তার সঙ্গে কেন আমাকে আলাদা একটি হোটেল রুমে একান্তে দেখা করতে হবে -- তা আমি জানি না। দালাইলামা তো আর বারবনিতা নন।"
একথা বলার পর সঙ্গে সঙ্গেই স্টিফেন যোগ করেন, "তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা।"
উল্লেখ্য, চীন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে দালাইলামার নিন্দা করে আসছে এবং বিশ্বের দেশগুলোকেও তাকে এড়িয়ে চলার জন্য চাপ দিচ্ছে।
গত সেপ্টেম্বরে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল একান্তে দালাইলামার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন তার কার্যালয়ে প্রকাশ্যে দালাইলামার সঙ্গে দেখা করেছেন।
এ কারণে চীন অক্টোবরে স্টিফেনের নিন্দা করে। এর প্রতিবাদ জানাতে গিয়েই ওএমএনআই টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে স্টিফেন দালাইলামা সম্পর্কে ওই মন্তব্য করে বসেন।
উল্লেখ্য, স্টিফেন হার্পার চীনের মানবাধিকার রেকর্ডের একজন কট্টর সমালোচক। তিনি বেইজিংয়ের শাসনব্যবস্থাকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়ে আসছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৩৫ঘ.
bdnews24