ইসলামাবাদ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জানুয়ারিতে পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের অংশ গ্রহণের সিদ্ধান্তকে মঙ্গলবার স্বাগত জানিয়েছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেনজির ভুট্টো।
নির্বাচন কমিশন নওয়াজকে নির্বাচনে প্রার্থিতার অযোগ্য ঘোষণা করে তার মনোনয়নপত্র বাতিল করে দিলেও সোমবার তার দল পাকিস্তান মুসলিম লীগ (এন) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দেন নওয়াজ।
নওয়াজের এ ঘোষণাকে আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বৃহত্তম বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো।
মঙ্গলবার বেনজির বলেছেন, "দেশের দুইটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ায় তা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। অথবা জালিয়াতি করতে হলে সরকারকে এমন বেশি মাত্রায় জালিয়াতি করতে হবে যে তাতে তাদের আসল চেহারা প্রকাশ হয়ে পড়বে।"
ব্যাক্তিগত সফরে দুবাই থেকে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে বেনজির এসব কথা বলেন।
বেনজির জানান, আসন্ন নির্বাচনে পিপিপি- এর নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।
তিনি বলেন, " ৮ জানুয়ারির নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে ৯ জানুয়ারি আমরা কি করব ?" সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। বিরোধীরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করলে তা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।
শুরুতে নির্বাচন বয়কটের চিন্তা করলেও বেনজিরকে কোনোভাবেই বয়কটে রাজি করাতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত এ সিদ্ধান্ত নিলেন নওয়াজ। বেনজিরের সঙ্গে সমঝোতার চেষ্টায় আলোচনা বহুদূর গড়ালেও জরুরি অবস্থা জারির পর মুশাররফের হাতে বরখাস্ত হওয়া বিচারকদের নির্বাচনের আগেই স্বপদে পুনর্বহাল করার দাবি নিয়ে মতৈক্য পৌঁছতে পারেনি দুপক্ষ।
ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ইমরান খানের ছোট দল তেহরিক-ই-ইনসাফ এবং ছোট হলেও ধর্মভিত্তিক প্রভাবশালী জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের এ নির্বাচন বয়কট করছে। তাছাড়া, অন্যান্য ধর্মীয় দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩২ ঘ.
bdnews24