বাগদাদ, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে সহিংসতা অনেক কমে এলেও আল-কায়েদা সুন্নি আরব জঙ্গিরা এখনও বিপজ্জনক শত্র"। বাগদাদে বোমা হামলার একদিন পর বৃহস্পতিবার ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল পেত্রাউস একথা বলেছেন। গত সেপ্টেম্বরের পর বাগদাদে বুধবার ফের বোমা হামলা হয়।
বাগদাদ সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস- এর সঙ্গে বৈঠকে বসার আগে পেত্রাউস সাংবাদিকদের বলেন, "আমরা যেন আল-কায়েদা বিরোধী লড়াইয়ে নিজেদেরকে বেশি সফল মনে না করি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, " এ কাজ সম্পন্ন করতে আমাদের খুবই কঠিন কাজ করে যেতে হবে বলেই প্রত্যক্ষ করছি আমরা। আমাদের চোখে আল-কায়েদা অত্যন্ত বিপজ্জনক শত্র"। তারা এখনও হামলা চালাতে সক্ষম।"
বুধবার ইরাকের ৪ টি নগরীতে গাড়ি বোমা হামলায় অন্ততপক্ষে ২৩ জন নিহত হয়েছে। বাগদাদের কেন্দ্রস্থল সংলগ্ন গ্রিন জোনে যেখানে গেটস এর সঙ্গে ইরাকি কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল সেখানে একটি বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে ৩৫ জন। গত সেপ্টেম্বরের পর এটিই ইরাকে সবচে বড় বোমা হামলার ঘটনা।
এ সপ্তাহের শুরুতেই আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি দল ইন্টারনেটে গাড়ি বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হওয়ার হুমকি দেয়।
পেত্রাউস বলেছেন, "আল-কায়েদা মার্কিন ও ইরাকি বাহিনীর ওপর শেষ মুহূর্তের হামলা চালানোর চেষ্টায় আছে। তারা এরই মধ্যে গাড়িবোমা হামলা, আত্মঘাতী হামলা, আত্মঘাতী গাড়িবোমা হামলাসহ এ ধরনের আরও অনেক হামলা চালানোর সক্ষমতাও প্রমাণ করেছে।"
তবে রবার্ট গেটস ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরাক পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা নিয়ে বলেন, " বুধবারের হামলাটি বড় ধরনের হলেও গত দুমাসে ইরাকে সহিংসতা নাটকীয়ভাবে কমে এসেছে। "
বাগদাদে বোমা হামলার কয়েকঘন্টা পরই এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "আমার বিশ্বাস, নিরাপদ, স্থিতিশীল ও গণতান্ত্রিক ইরাক প্রতিষ্ঠা করাটা হাতের নাগালেই আছে। দরকার কেবল একটু ধৈর্য ধরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24