অ্যানাপোলিস, মেরিল্যান্ড, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ও ফিলিস্তিনকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করে যাবেন। প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা তেমন না থাকলেও এ আশ্বাস দেন বুশ।
ইসরায়েল-ফিলিস্তিন ছয় দশকের সংঘাতের অবসান ঘটিয়ে ২০০৮ সালের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানের লক্ষ্যে আলোচনায় রাজি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার হোয়াইট হাউসে দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু এ বৈঠক থেকে কোনো লক্ষ্য তিনি অর্জন করতে পারেননি। তবে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ কওে যাওয়ার অঙ্গীকার করেছেন।
একসময় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নাক গলাতে অনিচ্ছুক বুশই এখন এ পথে পা বাড়িয়েছেন। তিনি বলেন, "শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়-- এমন মনে করলে আমি এ পথে আসতাম না।"
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ইসরায়েল ও ফিলিস্তিন দু'নেতার কাঁধে কাঁধ মিলিয়ে বুশ বলেন, "দুই ভদ্রেলোককেই আমি একটি ব্যাপারে আশ্বস্ত করেছি যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবেই জড়িত থাকবে।"
বুশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি বলেন, "তবে বুশ ইসরায়েল ও ফিলিস্তিনের ওপর কোনো সমাধান কিংবা শান্তি পরিকল্পনা চাপিয়ে দেবেন না।"
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত থাকার যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পূরণের আন্তরিকতার নিদর্শনস্বরূপ পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস জানান, মার্কিন মেরিন জেনারেল জেমস জোনসকে বিশেষ মধ্যপ্রাচ্য নিরাপত্তা দূত নিয়োগ করছেন তিনি। জেমস জোনস ২০০৬ সাল পর্যন্ত ইউরোপে ন্যাটো কমান্ডার ছিলেন।
তবে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য বুশের ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বুশ প্রয়োজনে ইসরায়েল এবং ফিলিস্তিনে যেতে প্রস্তুত কিনা-- সিএনএন এর এক সাক্ষাৎকাওে একথা জিজ্ঞেস করা হলে বুশ তা এড়িয়ে যান।
বুশ বলেন, "ওই অঞ্চলে গিয়ে আলোচনা বেগবান করা যাবে না। কাজ করতে হবে দুই প্রধান নেতা প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এভাবেই কোনো কিছু অর্জনের চেষ্টা নিতে হবে। এখন আমাকে যদি ওই দুজনকে একসঙ্গে আলোচনার টেবিলে ডাকতে হয়, আমি তা করব।"
দুপক্ষ আবার ১২ ডিসেম্বর আলোচনায় বসবে। কিন্তু নতুন এই প্রচেষ্টা সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। কারণ, মধ্যপ্রাচ্যের বিবাদমান দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং সংঘর্ষের কারণে কেউই এক্ষেত্রে খুব শিগগিরি কোনো সমাধান আশা করতে পারছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ ১৪১৭ঘ.
bdnews24