সিডনি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। তাকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার পার্টির নেতা কেভিন রুড।
কেভিন রুডকে স্বাগত জানিয়ে হাওয়ার্ড সাংবাদিকদের বলেন, "আমি রুডের সাফল্য কামনা করছি। আমরা প্রার্থনা করি তার নেতৃত্বে অস্ট্রেলিয়া সবদিক দিয়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধশালী হবে।"
সিডনিতে সমর্থদের তিনি জানান, তার দল নির্বচনে হেরে গেছে এবং এই পরাজয়ে দায়দায়িত্ব তার নিজের।
নির্বচন পর্যবেক্ষক অ্যান্টনি গ্রিন জানিয়েছেন, রুডের লেবার পার্টি পার্লামেন্টের ১৫০ আসনের মধ্যে ৮০টির বেশি আসনে জয়লাভ করতে পারে। লেবার পার্টি ১৯৯৬ সালে হাওয়ার্ডের কাছে ক্ষমতা হারিয়েছিল। এরপর টানা চারটি নির্বাচনে জিতে তিনি গত সাড়ে এগার বছর ক্ষমতায় ছিলেন।
হাওয়ার্ডের নিজের আসন সিডনির বেনিলংয়ে এ পর্যন্ত ৭৩ শতাংশ ভোট গনণা করা হয়েছে। এতে তার থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন লেবার পার্টির প্রার্থী প্রখ্যাত টিভি সাংবাদিক ম্যাক্সিন ম্যাককিউ।
ম্যককিউ উল্লসিত সমর্থদের উদ্দেশ্যে বলেন, "এটি একটি অসাধারণ রাত, লেবার পার্টির জন্য আনন্দের রাত এবং পুরো দেশের জন্য আশা আকাঙ্খার রাত।" তিনি জানান, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে এক সপ্তাহ লেগে যেতে পারে।
এর আগে নির্বাচনী বুথ ফেরত সমীক্ষায় দেখা যায় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল পার্টি পিছিয়ে আছে। সামান্য ব্যবধানে এগিয়ে ছিল কেভিন রুডের নেতৃত্বাধীন বিরোধী লেবার পার্টি।
স্কাই টেলিভিশনের ওই সমীক্ষায় দেখা যায়, ভোটাররা ক্ষমতাসীন রক্ষণশীল সরকারের ১১ বছরের শাসনের অবসানের পক্ষেই বেশি রায় দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হাওয়ার্ড তার নিজের আসনটিও হারাতে চলেছেন। আর এমনটি হলে তা হবে ৭৮ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর নিজের আসনে পরাজয়ের প্রথম ঘটনা।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ মিত্র হাওয়ার্ড তার নির্বাচনী প্রতিশ্র"তিতে ইরাকে অস্ট্রেলিয়ার সেনা রাখা ও কর হ্রাসের অঙ্গীকার করলেও নতুন কোনো নীতির ঘোষণা দেননি।
নির্বাচনী প্রচারণায় ৬৮ বছর বয়স্ক হাওয়ার্ড জানান, এটাই তার শেষ নির্বাচন। তিনি জিতলে আগামী তিন বছরের মধ্যে উপ-প্রধানমন্ত্রী পিটার কস্টেলোর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
অন্যদিকে, কেভিন রুড তার নির্বাচনী প্রতিশ্র"তিতে ইরাক থেকে সেনা প্রত্যাহার ও কিয়োটো প্রটোকলে স্বাক্ষরের পাশাপাশি চীন এবং এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ সময় ০৭০০ ঘণ্টা) ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে স্কাই টেলিভিশন বুথ ফেরত সমীক্ষা চালায় ৩১টি আসনের ওপর।
এ বছর পরিচালিত অধিকাংশ নির্বাচনী সমীক্ষায় পিছিয়ে ছিল ৬৮ বছর বয়সী হাওয়ার্ডের নেতৃত্বাধীন লিবারেল পার্টি। কিছু সমীক্ষায় বিরোধী লেবার দল অল্প ব্যবধানে বিজয়ী হবে এমন আভাসও ছিল। যদিও, নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে পরিচালিত জরিপগুলোতে হাওয়ার্ড ও কেভিনের দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল।
ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রতিষ্ঠাতা স্যার রবার্ট মেনজিসের পর হাওয়ার্ডই অস্টেলিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। রবার্ট জেনজিস ১৮ বছর ক্ষমতায় ছিলেন। সেদিক দিয়ে হাওয়ার্ড পরপর চার মেয়াদে সাড়ে ১১ বছর ক্ষমতায় ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/২২১০ ঘ.
bdnews24