কামপালা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কমনওয়েলথের নতুন মহাসচিব হলেন ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা। উগান্ডার রাজধানী কাম্পালায় ৫৩ জাতির সংস্থা কমওয়েলথের শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার তাকে এ নিয়োগ দেওয়া হয়।
প্রধানত সাবেক ব্রিটিশ উপনিবেশিক দেশগুলোর সংস্থা কমনওয়েলথের বর্তমান মহাসচিব নিউজিল্যান্ডের ডন ম্যাকিননের কাছ থেকে আগামী ১ এপ্রিল কমলেশ শর্মা দায়িত্ব বুঝে নেবেন। তিনি বর্তমানে লন্ডনে ভারতীয় হাইকমিশনার।
উগান্ডার সম্মেলনে কমনওয়েলথের দুই মেয়াদের মহাসচিব ম্যাকিনন পরবর্তী মহাসচিব হিসাবে কমলেশ শর্মার নাম ঘোষণা করেন।
নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় কমলেশ শর্মা বলেন, "এটা কঠিন দায়িত্ব। তবে আমি আত্মবিশ্বাস ও উৎসাহের সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব।"
কমনওয়েলথের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য মাল্টার পররাষ্ট্রমন্ত্রী মিশেল ফ্রেন্দো কমলেশ শর্মার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি লোকের বসতি কমনওয়েলথভূক্ত দেশগুলোতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24