২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারের সময়সীমা দিল ডেমোক্র্যাটরা, ভেটো দেবেন বুশ

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ বুধবার ভোটাভুটির মাধ্যমে ইরাক থেকে সেনা ফেরানোর সময়সীমা বেঁধে দিয়েছে। সেনা ফেরানোর সময়সীমা মানার শর্তে যুদ্ধের জন্য বুশের নতুন করে ৫০ বিলিয়ন ডলার অর্থসাহায্য দেওয়ার পদক্ষেপ নিয়েছে ডেমোক্র্যাটরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ বুধবার ভোটাভুটির মাধ্যমে ইরাক থেকে সেনা ফেরানোর সময়সীমা বেঁধে দিয়েছে। সেনা ফেরানোর সময়সীমা মানার শর্তে যুদ্ধের জন্য বুশের নতুন করে ৫০ বিলিয়ন ডলার অর্থসাহায্য দেওয়ার পদক্ষেপ নিয়েছে ডেমোক্র্যাটরা। ২১৮-২০৩ ভোটে প্রতিনিধি পরিষদ সেনা প্রত্যাহারের বিতর্কিত বিলটি সিনেটে পাঠায়। সেখানে রিপাবলিকানদের বাধার মুখে বিলটি নিয়ে দুপক্ষে তুমুল লড়াই চলে। বিবিসি জানায়, বিলটি আইনে পরিণত হলে বুশকে ২০০৮ সালের ডিসেম্বর নাগাদ ইরাক মিশন শেষের লক্ষ্য নিয়ে আগামী ৩০ দিনের মধ্যেই ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করতে হবে। বিলে এই সময়সীমার সঙ্গে বুশকে যুদ্ধের জন্য অর্থসাহায্যের বিষয়টি জুড়ে দেওয়া ছাড়াও নির্যাতনের বিরুদ্ধেও বিধান রাখা হয়েছে। বুশ ইতোমধ্যেই এ বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন। বিলটি ইতোমধ্যেই প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে এর পক্ষে প্রয়োজনীয় ৬০ ভোটের কম ভোট পড়বে বলেই মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো কংগ্রেসকে কোনোরকম শর্ত এবং সেনা প্রত্যাহারের সময়সীমা ছাড়া যুদ্ধ ব্যয় বহনের তহবিল সরবরাহের আহ্বান জানিয়েছেন। প্রতিনিধি পরিষদে বুধবার সেনা ফেরানোর সময়সীমা বিল অনুমোদন হওয়ার পর পেরিনো বলেন, " বিলটি এ অবস্থায় প্রেসিডেন্টের কাছে আসলে তিনি নিশ্চিতভাবেই তাতে ভেটো দেবেন।" উল্লেখ্য, এর আগেও ইরাক থেকে সেনা ফেরানোর জন্য ডেমোক্র্যাটদের সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা বুশের ভোটো হুমকি এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় ভোটের অভাবে বিফল হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৯ঘ.