লাহোর/লন্ডন, পাকিস্তান, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের আন্দোলনরত প্রধান বিরোধীদল পিপিপি'র নেত্রী বেনজির ভুট্টো মঙ্গলবার সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বেনজির বলেছেন, তিনি কখনোই মুশাররফের অধীনে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন না।
সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করে বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য মুশাররফকে অনেক দিন ধরেই আহ্বান জানিয়ে আসছিলেন বেনজির। তবে মঙ্গলবারই তিনি প্রথমবারের মতো মুশাররফকে সেনাপ্রধান ও প্রেসিডেন্ট উভয় পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন।
লাহোরে দলীয় এক নেতার বাসভবনে গৃহবন্দী থাকা অবস্থায় মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেন, "জেনারেল মুশাররফের চলে যাওয়ার সময় এসেছে। তাকে অবশ্যই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।"
পারভেজ মুশাররফের ৩ নভেম্বর জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে মঙ্গলবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করার পরিকল্পনা নিয়েছিলেন বেনজির। বহুল আলোচিত সে লং মার্চের কায়েক ঘণ্টা আগে তাকে এক সপ্তাহ মেয়াদে গৃহবন্দী করেছে মুশাররফ সরকার।
দীর্ঘ কয়েক মাস ধরে মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলোচনা করলেও মঙ্গলবারই প্রথমবারের মতো বেনজির ভুট্টো মুশাররফের অধীনে প্রধানমন্ত্রী হওয়ার কথা নাকচ করলেন।
ব্রিটেনের 'স্কাই নিউজ' টেলিভিশন চ্যানেলকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বেনজির বলেন, "মুশাররফ যতদিন প্রেসিডেন্ট থাকবেন আমি ততদিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করব না। আমি তার সঙ্গে কাজ করতে চাইলেও আমার প্রতি জনসমর্থন থাকবে না।"
তিনি বলেন, "নারী ও শিশুদের বিরুদ্ধে ব্যাপক পুলিশী শক্তি ব্যবহারের পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যকার আলাপ-আলোচনা ভেঙে গেছে। পুলিশ শুধু লোকজনকে গ্রেপ্তারই করছে না। তারা জানালা-দরজা ও ঘর-বাড়ি ভংচুর করছে। নির্যাতন চালাচ্ছে নারীদের ওপর।"
তিনি আরও বলেন, যেসব পুরুষের স্ত্রীরা নির্যাতিত হয়েছে, যেসব নারীর চোখের সামনে তাদের স্বামীদের মারধর করা হয়েছে তারা চাইছে না জেনারেল মুশাররফের সঙ্গে আমরা কোনো প্রকার সম্পর্ক রাখি।
সাক্ষাৎকারে বেনজির বলেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের "স্বৈরশাসন" চলতে দেওয়া হলে তার দেশের পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে।
তিনি বলেন, "এ বিষয়ে ব্যাপক রাজনৈতিক ঐকমত্য রয়েছে যে জেনারেল মুশাররফকে অবশ্যই বিদায় নিতে হবে এবং তিনি থাকলে দেশের পরিস্থিতির শুধু অবনতিই ঘটবে।"
জরুরি অবস্থা জারির পর জেনারেল মুশাররফ পাকিস্তানের সংবিধান স্থগিত, অধিকাংশ বিচারককে বহিষ্কার, শত শত আইনজীবী এবং হাজার হাজার সরকারবিরোধী ও মানবাধিকার কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এসব পদক্ষেপ গ্রহণের জন্য সেই থেকে দেশে-বিদেশে তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/১৩৫৩ ঘ.
bdnews24