কুয়ালালামপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তনের দাবিতে শনিবার রাজধানী কুয়ালালামপুরে সমাবেশরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা (স্বাধীনতা) স্কায়ারে মালয়েশিয়ার ২৬টি বিরোধী দল এবং বেসরকারি সংগঠনের একটি জোটের পরিকল্পিত ওই সমাবেশ আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল পুলিশ।
১৯৯৮ সালের পর সবচেয়ে বড় এ সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ ঠেকাতে মারদেকা স্কয়ারকে ঘিরে রাখে শ'শ' দাঙ্গা পুলিশ। আকাশে টহল দেয় হেলিকপ্টার। এ সমাবেশে হাজার হাজার লোক অংশ নেবে বলে মনে করা হচ্ছিল।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, "শ্লোগানমুখর প্রায় পাঁচশ' বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ দুইবার জলকামান ব্যবহার করে ।" এ ঘটনা তিনি একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন। মসজিদটি তখন ৫০ জন দাঙ্গা পুলিশ পাহারা দিচ্ছিল।
কাছেই বিক্ষোভ করছিল প্রায় পাঁচশ' জনের আরেকটি গ্র"প। তারা কুয়ালালামপুরের ঔপনিবেশিক আমলের রেল স্টেশনের দিকে মিছিল করতে করতে এগিয়ে যায়। তখন তারা "আল্লাহ হু আকবর" ও "রিফরমাসি" বলে শ্লোগান দিচ্ছিল। তাদের বিক্ষোভ-মিছিলের ব্যানারে লেখা ছিল: "মালয়েশিয়াকে বাঁচাও" এবং "নির্বাচন কমিশনের অপকৗশল বন্ধ হোক"।
বিক্ষোভকারীদের কয়েকটি দল মালয়েশিয়ার রাজার প্রাসাদে সমাবেত হন। সেখানে বিরোধীদলীয় নেতারা মালয়েশিয়ার সরকার প্রধানের এক প্রতিনিধির কাছে নির্বাচনী সংস্কার সংক্রান্ত তালিকা দেন।
পুলিশ জানিয়েছে, সমাবেশে ১০ হাজারের কম লোক হয়। তবে আয়োজকরা দাবি করেছেন, বিক্ষোভ সমাবেশে ৩০ হাজার লোক অংশ নিয়েছে।
বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, সমাবেশে ব্যাপক লোকসমাগম দেখে তিনি খুশি। মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, "এটা খুব ভাল লক্ষণ যে মালয়েশীয়রা স্বাধীনতা ও গণতন্ত্র এবং অবাধ ও নিরাপেক্ষ নির্বাচন চায়।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ১০-১২ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এছাড়া, প্রধান সড়কগুলোয় ব্যারিকেড দিয়ে পুলিশ কার্যত সিটি সেন্টার বন্ধ করে দেয়।
এর আগে বিক্ষোভ শুরু হওয়ার আগে কুয়ালালামপুর পুলিশ প্রধান জুল হাসনান নাজিবের বরাত দিয়ে রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা বারনামা জানায়, "আমাদের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ইতস্তত করব না।"
এছাড়া, গত শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি বলেন, রাজপথে বিক্ষোভ বরদাস্ত করবে না সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৪ ঘ.
পড়হাবৎমব
bdnews24