সিউল, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু কর্মসূচি বন্ধের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের শুভ সূচনা হয়েছে। প্রায় চল্লিশ বছর আগে শুরু হওয়া পিয়ংইয়ং-এর পরমাণু কর্মসূচি এই প্রথম নিষ্ক্রিয় করা হচ্ছে। প্লুটোনিয়াম উৎপাদনকারী ইয়ংবিয়ন পরমাণু চুল্লিসহ উত্তর কোরিয়ার তিনটি পরমাণু স্থাপনা পরিদর্শন শেষে এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সুং কিম বলেছেন, " আমি মনে করি আমরা শুভ সূচনা করেছি।"
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিকটবর্তী ইনচিয়ন বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্র দপ্তরের এ কর্মকর্তা মার্কিন কারিগরী বিশেষজ্ঞ দলের সঙ্গে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় পৌঁছান। সেখানে ইয়ংবিয়ন পরমাণু চুল্লিসহ দেশটির বাকী দুটি পরমাণু স্থাপনার কাজ বন্ধের পদক্ষেপ তদারকি করেন তারা।
তিনি জানান, প্লুটোনিয়াম উৎপাদনকারী সোভিয়েত আমলের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু স্থাপনাতেই নিষ্ক্রিয়করণের কাজ শুরু হয়েছে। এসবের একটি স্থাপনায় পরমাণু জ্বালানি উৎপাদন করা হতো এবং আরেকটিতে ওই জ্বালানিকে অস্ত্র তৈরীর পর্যায়ের প্লুটোনিয়ামে রূপান্তর করা হতো।
ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে এই পরমাণু নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে ছয়জাতি আলোচনার বাকী সদস্য দেশগুলোর কাছ থেকে ১০ লাখ টন ভারী জ্বালানি তেল কিংবা সমমূল্যের অর্থ সাহায্য পাবে উত্তর কোরিয়া।
ছয়জাতি আলোচনার সদস্য দেশগুলো হল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ ঘ.
bdnews24