ওয়ানা, পাকিস্তান, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি আদিবাসী এলাকায় গত আগস্ট মাস থেকে আটক রাখার পর এই রোববার ২১১ পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছে তালেবান জঙ্গিরা। পাকিস্তান সেনাবাহিনী একথা জানিয়েছে।
আল কায়েদা ও তালেবানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকা থেকে গত ৩০ আগস্ট তাদের আটক করে জঙ্গিরা। রোববার এলাকাটির প্রবীণ আদিবাসী নেতাদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "সেনারা তাদের দক্ষিণ ওয়াজিরিস্তানের শিবিরে ফিরে এসেছেন।"
প্রবীণ আদিবাসী নেতাদের একটি সংগঠন সেনা মুক্তির বিষয়ে মধ্যস্থতা করেন। সংগঠনটির প্রধান মওলানা মিরাজ-উদ-দ্বীন রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার কর্তৃপক্ষের কাছে সেনাদের হস্তান্তর করা হয়েছে।
এর আগে পাকিস্তানি তালেবান কমান্ডার বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বাধীন যোদ্ধারা সেনাদের মুক্তির শর্ত হিসাবে তাদের কিছু সহযোদ্ধা এবং তাদের আদিবাসী এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
আরশাদ বলেন, আদিবাসী আইন অনুসারে দক্ষিণ ওয়াজিরিস্তান কর্তৃপক্ষ আটক কিছু লোককে ছেড়ে দিয়েছে। তবে এখনও এলাকাটিতে আধাসামরিক বাহিনী মোতায়েন আছে।
এলাকাটির গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সেনাদের মুক্তির বিনিময়ে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৫ ঘ.
bdnews24