কাতার, নভেম্বর ০৩ (আল জাজিরা/বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় সশস্ত্র গ্র"পগুলোর তৎপরতা গুরুত্ব না দেওয়ার জন্য তিনি সরকারকে দায়ী করেন।
শুক্রবার আল জাজিরার ফ্রস্ট ওভার দি ওয়ার্ল্ড অনুষ্ঠানে বেনজির বলেন, "শুধু জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকায়ই নয়, আমাদের দেশের সবচেয়ে সুন্দর সোয়াত উপত্যকাও এখন ইসলামপন্থী জঙ্গিদের দখলে।"
তিনি বলেন, "পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জঙ্গি ও জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে 'চোখ বন্ধ' না রাখলে এমনটা হতে পারে না।"
পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবানপন্থী জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ায় প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সামরিক শাসন জারি করতে পারেন এ আশঙ্কার প্রেক্ষাপটে বেনজির এ মন্তব্য করেন।
শনিবার প্রেসিডেন্ট মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করেন। এক আদেশে তিনি জঙ্গি হামলা বৃদ্ধি ও বিচার বিভাগের সদস্যদের হস্তক্ষেপকে জরুরি অবস্থা জারির কারণ হিসেবে উল্লেখ করেছেন।
গত ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদলগুলো সুপ্রিম কোর্টে রিট করে। এছাড়া তারা নির্বাচনও বয়কট করে। এ রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণা করা হবে না বলে সুপ্রিম কোর্ট রায় দেয়।
বেনজির ভুট্টো জানান, তার দল পাকিস্তান পিপলস পার্টি সুপ্রিম কোর্টে রায় মেনে নেবে।
তিনি বলেন, "জেনারেল মুশাররফের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেটাই আমরা মেনে নেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/
bdnews24