ইসলামাবাদ, নভেম্ব ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার পর সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। নতুন প্রধান বিচারপতির নাম আবদুল হামিদ দোগার। শনিবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
এর আগে বিদায়ী প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী পাকিস্তানের প্রেডিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জারি করা আপদকালীন সংবিধানের আওতায় শপথ নিতে অস্বীকার করেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এর খবরে বলা হয়, প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী ও অপর আটজন বিচারক প্রেসিডেন্ট মুশাররফের আপদকালীন সংবিধান অনুমোদন করতে অস্বীকার করেন। এর পর তাকে সরিয়ে দেওয়া হয় বলে একটি বেসরকারি বার্তা প্রতিষ্ঠানের খবরে বলা হয়।
একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়, সুপ্রিম কোর্ট জরুরি অবস্থা স্থগিত করার আদেশ দেয়। কিন্তু মুশাররফ সরকার আদালতের আদেশ প্রত্যাখ্যান করে।
টেলিভিশন কেন্দ্র জিও এর খবরে বলা হয়, জরুরি অবস্থা জারিকে অবৈধ ঘোষণা করে সাতজন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সব বিচাপতিকে নতুন আপদকালীন সাংবিধানিক আদেশের আওতায় শপথ গ্রহণ থেকে বিরত রাখা হয়।
জরুরি অবস্থা জারি করে দেওয়া আদেশে মুশাররফ বলেছেন, ব্যাপক জঙ্গি হামলা এবং বিচার বিভাগের সদস্যদের হস্তক্ষেপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স প্রতিনিধির দেখা ওই আদেশে বলা হয়, "কট্টরপন্থীদের তৎপরতার বিস্তার ঘটায় এবং আত্মঘাতী বোমা হামলাসহ সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়া" প্রেসিডেন্ট মুশাররফ এ সিদ্ধান্ত নিয়েছেন।
জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের বন্দর নগরী করাচির বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা গেছে।
করাচি ও সিন্ধু প্রদেশে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর জোরাল সমর্থন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, করাচির লিয়ারি এলাকায় ব্যাপক গুলি হয়েছে। এ এলাকায় বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির সমর্থন সবচেয়ে বেশি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০৪৪ ঘ.
bdnews24